প্রতিবেশীদের জন্য রেখে গেলেন ৬৩ কোটি টাকা!
জার্মানির ওয়াল্ডসোমের ওয়েপফারডেন জেলায় রেনেটে বুডেল নামে এক নারী বাস করতেন। ২০১৯ সালে ৮১ বছর বয়সে যখন রেনেটে মৃত্যুবরণ করেন, তখন তার প্রতিবেশীদের জন্য সাড়ে ৭ মিলিয়ন ডলারের সম্পত্তি রেখে যান। সম্প্রতি বিষয়টি প্রকাশ পাওয়ায় বেশ অবাক হয়েছেন এলাকাবাসী ও কর্তৃপক্ষ।
চলতি মাসের চার ডিসেম্বর এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে সিএনএন। প্রতিবেদনে বলা হয়, ওই নারী মারা যাওয়ার পর তার এলাকার লোকজন জানতে পারেন যে, তিনি মৃত্যুর আগে প্রতিবেশীদের জন্য সাড়ে ৭ মিলিয়ন ডলারের সম্পত্তি রেখে গেছেন। বাংলাদেশি মুদ্রায় যা ৬৩ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা।
রেনেটে তার ব্যাংক-ব্যালান্স, শেয়ার এবং দামি সব সম্পত্তি দান করে গেছেন। কিন্তু ২০২০ সালের এপ্রিলের আগে প্রতিবেশীরা ওই দানের কথা জানতে পারেননি। ইতোমধ্যেই প্রকৃত উত্তরাধিকারী রেনেটের বোন মারা গেছেন বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
স্থানীয় মেয়র বার্নড হেইন বলেন, আমি প্রথমে ভেবেছিলাম এসব মিথ্যে। কিন্তু পরে সতত্যা খুঁজে পাই এবং বেশ অবাক হই।
ওই নারীর রেখে যাওয়া সম্পত্তি কোথায় কীভাবে কাজে লাগানো হবে সে বিষয়ে মেয়র হেইন বলেন, সাইক্লিংয়ের জন্য রাস্তা, ভবন এবং একটি কিন্ডারগার্টেনের জন্য অর্থের প্রয়োজন। যেখানে বাসিন্দারা স্থানীয় শিশুদের জন্য বহিরাঙ্গন পুল, গণপরিবহন ও সুযোগসুবিধায় ব্যয় করতে চাইছেন এই অর্থ।




