ধমক দেওয়ায় রাস্তা অবরোধ করল গরু!
বাজারে আসা গরুকে পিটুনি দেওয়ায় রাগে আধাঘণ্টা রাস্তা অবরোধ করে রাখল গরুটি। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া বাজারে।
জানা গেছে, সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে রাঙ্গিছড়া বাজারের একটি দোকানের রাস্তায় দাঁড়িয়েছিল গরুটি। ফলে পথচারী ও গাড়ি যাতায়াতে সাময়িক সমস্যার সৃষ্টি হয়। গরুটির মালিক রাঙ্গিছড়া চা বাগান এলাকার বাসিন্দা দীপক রাজভর।
স্থানীয়রা বলেন, গরুটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকায় একজন সেটিকে ধমক দেন এবং হালকা পিটুনি দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপরই ক্ষোভে প্রায় আধাঘণ্টা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে থাকে গরুটি। এ সময় ওই স্থানে যান ও মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পরে গরুটির মালিককে খবর দিলে তিনি এসে বাড়িতে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গরুটি হঠাৎ করেই বাজারে এসে হাঁকডাক শুরু করে। কেউ ধমক দিয়ে তাড়িয়ে দিলে গরুটি রাস্তার মাঝখানে এসে দাঁড়ায়। এ সময় বাজারের লোকজন ধমকা-ধমকি করেও তাকে রাস্তা থেকে সরাতে পারেননি।




