প্রেমের টানে স্বামীর সংসার ছেড়ে ৫ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশনে গৃহবধূ
টাঙ্গাইলের সখীপুরে প্রেমের টানে স্বামীর সংসার ছেড়ে প্রেমিকার বাড়িতে ৫ দিন ধরে অবস্থান করছেন এক গৃহবধূ (২০)। এ ঘটনার পরের দিন থেকেই প্রেমিক জাহাঙ্গীর আলমের খোঁজ পাওয়া যাচ্ছে না। উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, আকন্দপাড়ার জাঙ্গীর আলম ও ওই গৃহবধূ সম্পর্কে প্রতিবেশী চাচাতো ভাইবোন। তারা একই ক্লাসে পড়তেন। সেই থেকেই তাদের পছন্দ ও ভালোবাসা। পরে সেই মেয়ের বিয়ে হয় পাশের গ্রামে। এরপরও তাদের সম্পর্ক থেকে যায়। গত আট দিন আগে তাদের সম্পর্কের কথা গৃহবধূর স্বামী জানতে পারেন। পরে প্রেমিক জাহাঙ্গীরকে বিয়ের জন্য চাপ দেন ওই গৃহবধূ। কিন্তু এতে রাজি না হওয়ায় স্বামীর সংসার ছেড়ে পাঁচ দিন আগে গত বৃহস্পতিবার জাহাঙ্গীরের বাড়িতে অবস্থান নেন। এ খবর পেয়ে গৃহবধূরন পরিবার এলাকার চেয়ারম্যান ও মেম্বারকে বিষয়টি জানায়।
ঘটনার পরদিন সালিসে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু এর একদিন পরেই ছেলের বয়স কম দাবি করে মীমাংসা না মেনে জাহাঙ্গীরকে অন্যত্র সরিয়ে দেয়। তারপর থেকেই ওই গৃহবধূ ছেলের বাড়িতে অবস্থান করছেন।
মেয়ের বাবার দাবি, জাহাঙ্গীর তার মেয়ের সংসার ভেঙে দিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে। পরিবারের পক্ষ থেকেও এর কোনো সুরাহা করছেন না। বিষয়টি মীমাংসা করতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ বলেন, ‘উভয়পক্ষ নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলে মেয়েপক্ষ রাজি হয়। কিন্তু ছেলেপক্ষ তা মানছে না।‘
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। এ ব্যাপারে কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




