চাকরি না পেয়ে দফতরিকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের দফতরিকে গাছে বেঁধে নির্যাতন করেছেন শাহনুর মিয়া নামে এক যুবক।
রোববার দুপুরে উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় এ ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। এ ঘটনায় অনেকে নিন্দা জানিয়েছেন।
অভিযুক্ত শাহনুর মিয়া মুক্তাখাই গ্রামের মনোয়ার আলীর ছেলে। এ ঘটনায় সোমবার দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা করেছেন দফতরি মো. তোফায়েল আহমদ।
২০১৪ সালে মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি পদে নিয়োগ পান তোফায়েল। একই পদপ্রত্যাশী শাহনুর মিয়ার চাকরি না হওয়ায় তোফায়েলের প্রতি ক্ষুব্ধ হন তিনি। নানাভাবে হয়রানির চেষ্টা করেন নিয়োগপ্রাপ্ত দফতরিকে।
রোববার দুপুরে বিদ্যালয়ের কম্পাউন্ডে রঙের কাজ তদারকি করছিলেন তোফায়েল। এ সময় বিদ্যালয়ে ঢুকে তোফায়েলকে ঝাপটে ধরে টেনে-হিঁচড়ে নিচে নিয়ে যান শাহনুর। পরে তোফায়েলকে গাছের গোড়ার সঙ্গে রশি দিয়ে বেঁধে পেটাতে থাকেন।
এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এসে গুরুতর অবস্থায় তোফায়েলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন বলেন, দফতরিকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।




