আর কোনোদিন অন্যায় করবেন না বলে এলাকায় কাজীর মাইকিং
কাজী হিসেবে নিবন্ধন ছাড়া বাল্যবিবাহের আয়োজনে অংশ নিয়ে এক মাস সাজাভোগ শেষ। এখন নিজের অন্যায়ের কথা স্বীকার করে এবং ভবিষ্যতে আর এমন করবেন না অঙ্গীকার করে এলাকায় মাইকিং করছেন মো. আবদুল বাসেদ।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ঝিনাইগাতীর সদর ও আশপাশের এলাকায় তিনি মাইকিং করেন।
আর বাল্যবিবাহ নিবন্ধন করবেন না। বাল্যবিবাহ নিবন্ধন করে অন্যায় করেছেন এমন ধারণা এসেছে তার মাঝে। মো. আবদুল বাসেদের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সুরিহারা গ্রামে।
উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, আবদুল বাসেদ দীর্ঘদিন ধরে ঝিনাইগাতীতে কাজী পরিচয় দিয়ে বিয়ে নিবন্ধন করে আসছিলেন। তবে কাজী হিসেবে তার কোনও নিবন্ধন ছিল না।
এ বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিবন্ধনের দায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরই মাঝে তার সেই সাজাভোগ শেষ হয়েছে।
আবদুল বাসেদ জানান, জেলে থেকে আসার পর থেকে অনুশোচনা এসেছে নিজের মাঝে। সে কারণে তিনি এখন ইজিবাইকে করে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় নিজেই মাইকিং করে বলছেন, আমি অঙ্গীকার করছি। ভবিষ্যতে আমি আর কোনও বাল্যবিবাহ নিবন্ধন করব না। আমি যা করেছি অন্যায় করেছি। অনৈতিক কোনও কাজ করব না।
ঝিনাইগাতীর ইউএনও রুবেল মাহমুদ বলেন, আবদুল বাসেদ ব্যক্তিগত অনুশোচনা থেকে এমন কাজ না করার অঙ্গীকার করেছেন। এটি খুব ভালো দিক। এর মাধ্যমে অন্য ভুয়া কাজীরাও সচেতন হবেন।




