প্রিয় কুকুরের মৃত্যুতে শোকে কাতর রানি এলিজাবেথ
প্রিয় পোষা কুকুর হারালেন ব্রিটেনের দ্বিতীয় রানি এলিজাবেথ। ডর্গি প্রজাতির ভালকান নামের এই কুকুরটি স্থানীয় সময় শনিবার (৫ নভেম্বর) উইন্ডসর প্রাসাদে মারা গেছে। প্রিয় পোষা প্রাণীকে হারানোয় ভীষণ কষ্ট পেয়েছেন রানি এলিজাবেথ।
ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, ড্যাশহান্ড ও কর্গি কুকুরের শংকর প্রজাতি ডর্গি। খাটো পা এবং খাড়া কান বিশিষ্ট এই প্রজাতির কুকুরটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। মূলত ব্রিটিশ রানির সঙ্গে দেখার পরই এই প্রজাতির কুকুরের জনপ্রিয়তা বেড়ে যায়।
ব্রিটিশ রানির কুকুরগুলো কখনোই প্রচারের বাইরে থাকেনি। নিজের চারটি কুকুর নিয়ে রানি ২০১৬ সালে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের কাভারে হাজির হন। ২০১২ সালে লন্ডন অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ রানির যে প্রতিকৃতিটি প্রদর্শন করা হয় তাতে জেমস বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে তাকে নিজের কুকুর উইলোর সঙ্গে দেখা যায়।
কুকুর ছাড়াও ঘোড়ার প্রতি আকর্ষণ রয়েছে ব্রিটিশ রানির। গত জুনে একটি ছবিতে তাকে উইন্ডসরে ঘোড়ার পিঠে চড়তে দেখা যায়। করোনাভাইরাসজনিত লকডাউনের পর সেটাই ছিল প্রথম প্রকাশিত ছবি।




