প্রথম নারী অর্থমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
গোটা বিশ্বে নারী নেতৃত্ব আর গণতন্ত্রের সবক দিয়ে বেড়ানো মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার নারী ভাইসপ্রেসিডেন্ট কামালা হ্যারিস। যিনি এবারের নির্বাচনে বিজয়ী হয়েছেন জো বাইডেনের সঙ্গে। এ নির্বাচনে আরেকটি চমক দেখাল বাইডেন-কামালা নেতৃত্ব। আমেরিকার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে জ্যানেট ইয়েলেনকে মনোনয়ন দিলেন।
এতে করে দেশটির শীর্ষ পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ছে। যদিও যুক্তরাষ্ট্রের নারীরা স্বাধীনতা ও নেতৃত্বে অন্য অনেক দেশ থেকে বেশ এগিয়ে রয়েছেন, সেটি বলার অপেক্ষা রাখে না। জ্যানেট ইয়েলেন মার্কিন শীর্ষ ব্যাংক ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন ২০১৪-১৮ মেয়াদে।
ইয়েলেনের মতে, আবারও আর্থিক সংকটের মুখে যুক্তরাষ্ট্র। অবিলম্বে ব্যবস্থা না নিলে করোনার ধাক্কায় সামনের সময়টা আরও কঠিন হবে। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি গুরুত্ব দিয়ে সরকারের কর্মপরিকল্পনা সাজাবেন।
জ্যানেট ইয়েলেন অর্থমন্ত্রী হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ২৩১ বছরের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী। শুধু তা-ই নয়, একাধারে ফেড, কাউন্সিল অব ইকোনমিক অ্যাডভাইজার্স ও অর্থমন্ত্রী হওয়া একমাত্র মানুষ। এদিকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বসে নেই। বড় ধরনের প্রণোদনা প্যাকেজ প্রণয়নে কাজ করছেন তিনি।
তবে জো বাইডেন জ্যানেট ইয়েলেনের যোগ্যতার ব্যাপারে উচ্ছ্বসিত। তিনি মনে করেন, এই সংকট মোকাবিলায় ইয়েলেনের চেয়ে যোগ্য আর কেউ নেই। তিনি জ্যানেটকে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চিন্তকদের একজন মনে করেন।
বাইডেন সম্প্রতি বলেছেন, ‘ইয়েলেন সারা জীবন কর্মসংস্থান ও শ্রমের মর্যাদা নিয়ে কাজ করেছেন। ফলে মানুষ ও সমাজের কাছে চাকরি কী জিনিস, তিনি বোঝেন। তিনি সর্বজন শ্রদ্ধেয় মানুষ। তিনি ব্রুকলিনের শ্রমিক পরিবার থেকে আসা মানুষ। তিনি কখনো ভোলেননি, কোত্থেকে এসেছেন।’
বাইডেন আরও বলেন, ইয়েলেন মার্কিনদের আবারও স্বপ্ন দেখাতে ২৪ ঘণ্টা কাজ করতে বদ্ধপরিকর।










