সাকিব কবে ছন্দে ফিরবেন?
১৫, ১২, ৩, ১১, ১৪ ও ৪। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এখন পর্যন্ত সাকিব আল হাসানের রান। ৬ ম্যাচে সব মিলিয়ে ৫৯। গড় দশেরও কম!
বল হাতেও সফলতার দেখা নেই। ৬ ম্যাচে ৩ উইকেট। কোন ম্যাচেই পাননি ১ উইকেটের বেশি। তিন ম্যাচে থেকেছেন উইকেটশূন্য।
নিষেধাজ্ঞার খড়গে একবছর সবধরণের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নির্বাসনে থাকা সাকিব আল হাসান কি ক্রিকেটটাই ভুলে গেলেন? এমন প্রশ্ন তোলা বাতুলতা। তবে প্রশ্নটা উঁকি দেয় এজন্যই, কারণ নামটা সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের পোস্টার বয়। বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার। বিরুদ্ধ পরিস্থিতিতে তিনি বারবার টেনে তুলেছেন দলকে, তিনিই এখন রীতিমতো সংগ্রাম করছেন। দীর্ঘদিন পর ফেরা সাকিবের যে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজেকে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, সেটি পরিষ্কার।
মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে সাকিব যখন মাঠে নামেন, তখন দল জয় থেকে অনেক দূরে এমন নয়। খুব যে চাপে ছিলেন তাও নয়। কারণ খুলনার দুই ওপেনার জহুরুল এবং জাকির বেশ ভালো সূচনাই এনে দিয়েছিলেন দলকে। সাকিবকে দেখেও মনে হচ্ছিলো, বেশ শান্ত মেজাজেই খেলতে চাচ্ছিলেন তিনি। আগের ৪ বলে টানা ৪টি সিঙ্গেল নিয়েছেন। তবে সাইফউদ্দিনের উইকেটের বাইরের বলটা পড়তে পারলেন না ঠিকমতো। ব্যাটের কানায় লেগে বল ভেঙে দিল স্ট্যাম্প। ৫ বলে ৪ রান করে বিদায় মিস্টার সেভেন্টি ফাইভের।
এর আগে এদিন বল হাতেও উইকেটশূন্য সাকিব। যদিও বেশ মিতব্যয়ী ছিলেন। ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৭ রান। তবে পাননি কোন উইকেট।
দেশের ক্রিকেটের বরপুত্রকে সেরা ফর্মে দেখার অপেক্ষা কবে ফুরোবে সমর্থকদের, ভবিষ্যদ্বাণী করা মুশকিল। তবে দেশসেরা ক্রিকেটারকে সেরা ফর্মে দেখতে মুখিয়ে আছে সবাই, এটুকু বলা যায়।




