বিশ্বব্যাপী করোনা মৃত্যু ১৫ লাখ ছাড়িয়েছে
বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। বিশ্বব্যাপী ১৫ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাড়ে ছয় কোটির বেশি হয়েছেন আক্রান্ত। আজ শুক্রবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি সুস্থতার হার বেড়েছে। জনস হপকিনস বলছে, চার কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৯২৫ জন সুস্থ হয়েছে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ থেকে।
করোনায় পৃথিবীব্যাপী এখন পর্যন্ত মোট আক্রান্ত ছয় কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৯০৪ জন। মারা গেছেন ১৫ লাখ পাঁচ হাজার ৫২৭ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে মারা গেছেন দুই লাখ ৭৬ হাজার ১৫৭ জন। আক্রান্ত হয়েছেন এক কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৫ জন। সুস্থ হয়েছেন ৫৪ লাখ চার হাজার ১৮ জন।
ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৮৭ হাজার ৮৪ জন, মারা গেছেন এক লাখ ৭৫ হাজার ২৭০ জন এবং সুস্থ হয়েছেন ৫৭ লাখ ৯২ হাজার ৫৩৯ জন।
সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ৭১ হাজার ৫৫৯ জন, মারা গেছেন এক লাখ ৩৯ হাজার ১৮৮ জন এবং সুস্থ হয়েছেন ৯০ লাখ ১৬ হাজার ২৮৯ জন। মেক্সিকোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ আট হাজার ১৭৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৪৪ হাজার ৬৪৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন আট লাখ ৪৩ হাজার ২৩১ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত চার লাখ ৭১ হাজার ৭৩৯ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ছয় হাজার ৭৪৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন লাখ ৮৮ হাজার ৩৭৯ জন।




