349033

সামনের বেঞ্চে বসা নিয়ে সহপাঠীদের হাতে স্কুলছাত্র খুন!

নরসিংদীর রায়পুরায় স্কুলে সামনের বেঞ্চে বসা নিয়ে সহপাঠীদের হাতে খুন হয়েছেন এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম শুভ, তিনি ৬ষ্ঠ শ্রেণীতে পড়েন। নিহত শুভ উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো: লায়েস মিয়ার ছেলে।

নিহতের বাবা মো: লায়েছ জানান, তার ছেলে বেলাবো উপজেলার নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। গত শনিবার অ্যাসাইনমেন্ট জমা দিতে স্কুলে গিয়েছিলো শুভ। ওই সময় শুভ সামনের বেঞ্চে বসলে সহপাঠীরা তাকে এলোপাথাড়িভাবে কিল-ঘুষি মারে। একপর্যায়ে স্কুলের দেয়ালের সাথে তার মাথা ঠুকে দেয়। পরে সে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে তার সহপাঠীদের নামে অভিযোগ করে বাড়িতে চলে আসে।

এদিকে শুভর অবস্থা খারাপ হতে থাকলে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান তার বাবা। পরের দিন ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করান। বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে সকালে রায়পুরা থানার এসআই মো: ফরিদ মিয়া ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠান।

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস রহমান আঙ্গুর বলেন, ‘নিহত শুভর অভিযোগ পেয়েছিলাম। তবে কারা তাকে মেরেছে সে তাদের পরিচয় না দিতে পারায় তাদের বিচার করা সম্ভব হয়নি। পরের শনিবার স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে এলে শুভর কাছে পরিচয় নিয়ে বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন শুভকে।’

ad

পাঠকের মতামত