পাকিস্তান সফরে জিম্বাবুয়ে দলে সৌদি ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক | করোনাভাইরাস মহামারিতে দীর্ঘদিন পর মাঠে ফিরছে জিম্বাবুয়ের ক্রিকেটাররা। এ মাসের শেষ দিকে তারা পাকিস্তান সফর করবে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২০ জনের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। এই দলে চমক সৌদি আরবে জন্ম নেওয়া অলরাউন্ডার ফারাজ আকরাম।
গত ৩ অক্টোবর ২৭ বছর পূর্ণ হওয়া ফারাজ প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন। ২০১৭ সালে রাইজিং স্টার্সের হয়ে ২৪ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় এই বাঁহাতি ব্যাটসম্যানের। ১৫ ম্যাচে দুটি হাফসেঞ্চুরিসহ মোট রান ২৯১। ডানহাতি মিডিয়াম পেস দিয়ে নিয়েছেন ২৯ উইকেট।
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের শেষ আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করা শন উইলিয়ামস এবার পাকিস্তান সফর করবেন একজন খেলোয়াড় হিসেবে। ওই সফরে একমাত্র ম্যাচ খেলে অধিনায়কত্ব করা চামু চিভাভার কাঁধে পড়েছে এবারের নেতৃত্বের ভার।
দলে ডাক পেয়েছেন দীর্ঘকায় বোলার ব্লেসিং মুজারাবানি। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিদায়ের পর নীতি বদল কোলপাক চুক্তিতে প্রভাব ফেলায় তাকে ছেড়ে দিয়েছে নর্দাম্পটনশায়ার। তাতে ২০১৮ সালের জুলাইয়ের পর প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ এই পেসারের সামনে।
পাকিস্তান সফরের দলে ফারাজের সঙ্গে আরেক নবাগত ১৯ বছর বয়সী অলরাউন্ডার মিলটন শুম্বা। শেষ প্রথম শ্রেণির ম্যাচে তিনি ১২১ রানে অপরাজিত ছিলেন।
লাহোর ও মুলতানে হবে এই দুটি সিরিজ। প্রথম ম্যাচ হবে ৩০ অক্টোবর। তবে কোন ফরমাটের খেলা আগে শুরু হবে তা এখনও স্পষ্ট নয়।
জিম্বাবুয়ে: চামু চিভাভা (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ার্ন বার্ল, ব্রায়ান চারি, তেন্দাই চাতারা, এল্টন চিগুম্বুরা, তেন্দাই চিসোরো, ক্রেইগ আরভিন, তিনাশে কামুনহুকামবে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মুম্বা, রিচমন্ড মুতুম্বামি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিলটন শুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো, শন উইলিয়ামস।




