342466

শুভর বাসায় ‘রহস্যময়’ ব্রিফকেস!

বিনোদন প্রতিবেদকঃ জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর বাসায় কে বা কারা যেন একটি ব্রিফকেস পাঠিয়েছে। আর সেটির ছবি তিনি ফেসবুকে প্রকাশ করে লিখেছেন- ‘এরপর কী? অদ্ভূত এই ব্রিফকেসটা আমাকে পাঠানোর মানেটাই বা কি? কে পাঠালো, কারা পাঠালো, কেন পাঠালো জানতে চাই!’

শুভ’র এমন পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। বিষয়টি নিয়ে ভক্তরাও উদ্বিগ্ন। অনেকে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। কিন্তু সত্যি সত্যি কি শুভর বাসায় রহস্যময় ব্রিফকেসটি কেউ পাঠিয়েছেন, না কি অন্য কিছু!

অনেকে আবার বলছেন, এটি সিনেমার প্রচারের জন্য স্ট্যান্টবাজি। অধিকাংশ নেটিজেনই বিষয়টি নিয়ে হাস্যরসে মেতেছেন। ঘটনা যাই হোক না কেন, শুভ এখনো বিষয়টি খোলাসা করেননি। ঘটনার মূল রহস্য জানতে আরিফিন শুভর সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

এদিকে, শুভ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সাপলুডু’। আর মুক্তির আপেক্ষায় আছে তার ‘মিশন এক্সট্রিম’ ছবিটি। অনেকের ধারণা, এই ছবির প্রচারণারই একটি অংশ শুভর ‘রহস্যময়’ ব্রিফকেস!

‘কপ ক্রিয়েশন’ এর ব্যানারে নির্মিত বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। এতে আরিফিন শুভর বিপরীতে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

ad

পাঠকের মতামত