কয়েক বছর ধরে কিনে যাচ্ছিলেন লটারি, অবশেষে মিললো ২৭ কোটি টাকা
আন্তর্জাতিক ডেস্কঃ গত ৪-৫ বছর ধরে লটারির টিকেট কিনে যাচ্ছিলেন এক ব্যক্তি। অবশেষে কপাল খুলেছে তার। শনিবার আবু ধাবিতে ১২ মিলিয়ন দিরহাম জেতেন সৌদি নাগরিক আহমেদ আল হামিদি। বাহরাইনে ফাস্টফুডের দোকান আছে তার। প্রতি বছর অন্তত চারবার টিকেট কেনেন তিনি।
খালিজ টাইমস’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর টিকেট কেনেন আল হামিদি। তার লাকি নম্বর ০৫১১৭৫। তিনি একাই টিকেটটি কিনেছেন। আর তাই পুরো ১২ মিলিয়ন দিরহামের মালিকও তিনি একাই। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৭ কোটি ৬০ লাখ টাকা।
লটারি জেতার পর ৫৪ বছর বয়সী হামিদি বলেন, আমি এখনো ঘোরের মধ্যে আছি। এখনো আমার অনেক কিছু করার বাকি আছে। সেগুলো করতে চাই।
তিনি আরো জানান, তিন মেয়ের ভবিষ্যৎ নিশ্চিতের জন্য কিছু পদক্ষেপ নেয়ার সঙ্গে সঙ্গে দাতব্য সংস্থার জন্যও কাজ করার ইচ্ছা আছে তার।
হামিদি বলেন, আমি সৌদি আরবের নাগরিক, বাহরাইনে থাকি। ফাস্টফুডের ছোট্ট ব্যবসা রয়েছে। আমার তিন মেয়ে। সত্য বলতে কি, এই অর্থ আমি মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিতের জন্য ব্যয় করবো। সেই সঙ্গে দাতব্য সংস্থার হয়ে কিছু করার ইচ্ছা আছে। আগেও করেছি। তবে এখন আরো বেশি করে করতে পারবো। প্রতি বছর আমি বিশেষ শিশুদের জন্য খরচ করি। এখন তাদের আরো বেশি সহায়তা দেয়া যাবে।






