বিদেশিদের জাল পাসপোর্ট-ভিসা তৈরি করতেন তিনি
জালিয়াতির মাধ্যমে শুধু দেশের নয় বিদেশি নাগরিকদেরও পাসপোর্ট এবং ভিসা তৈরি করে দিতেন মাসুদ আহমেদ। অবশেষে ধরা পরেছেন আইন শৃঙ্খলা বাহিনীর জালে।
ইউরোপের বেশিরভাগ দেশের জাল পাসপোর্ট ও ভিসা তৈরি করে দীর্ঘদিন ধরে প্র’তারণা করার অ’ভিযোগে রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিলেটের কানাইঘাট থেকে তাকে আ’টক করেছে র্যাব-১৪।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আ’টক করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) র্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতারক মাসুদ আহমেদ স্বীকার করেছেন স্পেনের একটি পাসপোর্ট তৈরি করতে দুই হাজার ইউরো নিতেন তিনি। এছাড়া জালিয়াতির মাধ্যমে বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি নাগরিকদেরও ইসরায়েল, স্পেন, তুরস্ক, ক্যামেরুনসহ বিভিন্ন দেশের ভুয়া পাসপোর্ট ও ভিসা তৈরি করে দিতেন প্রতারক মাসুদ আহমেদ।
র্যাব জানায়, মানি লন্ডারিং এবং হুন্ডি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত প্রতারক মাসুদ আহমেদ জার্মানি ও বুলগেরিয়া থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে গত মাসে এক মিলিয়ন ইউরো গ্রহণ করেছে। জার্মানি, নিউজিল্যান্ড, ক্রোয়েশিয়া, রোমানিয়া, ইতালি, গ্রিস, মালয়েশিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে মানবপাচার করে আসছে সে। নেপাল, দিল্লি, সৌদি আরব, ভিয়েতনাম ও কম্বোডিয়ার রুট ব্যবহার করে সে ওইসব দেশে মানবপাচার করেছে। মাসুদের সহযোগীদের আ’টক করার জন্য দেশব্যাপী অভিযান চালানো হবে বলে জানিয়েছে র্যাব।






