340931

ভ্যাকসিন আসার পরও মাস্ক পরা লাগবে : ড. ফাউসি

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি বলেছেন, কার্যকর টিকা চলে এলেও জনস্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এর মধ্যে মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখা ও হাত ধোয়ার মতো বিষয়গুলো মেনে চলা দরকার হবে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের গভর্নর ফিল মারফির সঙ্গে ফেসবুক লাইভ অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের প্রধান ড. ফাউসি বলেন, ভ্যাকসিন ১০০ ভাগ কার্যকর হবে না; আর পৃথিবীর ১০০ ভাগ মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছানো সম্ভব হবে না। তার মানে নভেল করোনাভাইরাসের সংক্রমণও একেবারে বন্ধ হয়ে যাবে না।

ফাউসি জানান, তিনি যেসব কথা বলেন, তা বাস্তবতার নিরিখেই বলেন। তাঁর মতে, ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষকেও যদি ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়, তবে তা গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা যাবে। তবে ভ্যাকসিন এলেও জনস্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে সতর্ক থাকতে হবে।

মাস্কের প্রয়োজনীয়তা সম্পর্কে যুক্তরাষ্ট্রের এই বিশেষজ্ঞ বলেন, অ্যারোসল সংক্রমণ বা বাতাসে ক্ষুদ্রতম কণার কারণে সংক্রমণের পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। অর্থাৎ, বড় ড্রপলেট হিসেবে পড়ার পরিবর্তে বাতাসে নির্দিষ্ট সময় পর্যন্ত নভেল করোনাভাইরাস ভেসে থাকতে পারে।

ad

পাঠকের মতামত