বিয়ে করলেই নবদম্পতি পাবেন ৫ লাখ টাকা
আন্তর্জাতিক ডেস্কঃ বিয়ের পর নতুন সংসার গোছাতে যেখানে খরচ নিয়ে সবাই হিমশিম খায় সেখানে দেশের সরকারই নবদম্পতিকে দিচ্ছে লাখ টাকা। সম্প্রতি জাপান সরকারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘newlywed support program’ প্রকল্পের আওতায় আগামী এপ্রিল থেকে নব বিবাহিত দম্পতিদের আর্থিক সহায়তা বাবদ জাপানি মুদ্রায় ৬ লাখ ইয়েন বা বাংলাদেশি টাকায় ৪ লাখ ৮৬ হাজার টাকা দেওয়া হবে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, জাপানে যেহেতু জন্মহার কমে গেছে এবং মানুষজন দেরিতে বিয়ে করছেন বা অবিবাহিত থাকছেন এ কারণে তাদেরকে বিয়েতে উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এক্ষেত্রে নতুন বিয়ে করা স্বামী ও স্ত্রী উভয়ের বয়সই ৪০ এর নিচে থাকতে হবে। দুজনের সম্মিলিত আয়ও কোনোভাবেই ৫৪ লাখ ইয়েনের বেশি হতে পারবে না। সব ঠিক থাকলে আগামী বছরের এপ্রিল থেকে বিয়েতে আর্থিক প্রণোদনা দেয়ার নতুন এ নিয়ম চালুর চিন্তাভাবনা চলছে।
খবরে বলা হয়েছে, অবিবাহিত থাকতে চাওয়া ও দেরিতে বিয়ে করার প্রবণতার কারণে জাপানে এমনিতেই শিশু জন্মহার অত্যন্ত কম। জন্মহার বাড়াতেই দেশটির সরকার এখন বিয়েতে প্রণোদনা প্রকল্পের আওতা বাড়িয়ে নবদম্পতিদের বেশি অর্থ এবং বয়সের সীমা খানিকটা বাড়িয়ে দেয়ার কথা ভাবছে।
নিউলিওয়েড সাপোর্ট প্রোগ্রামে এখন স্বামী-স্ত্রী উভয়ের বয়স ৩৫ এর কম এবং সম্মিলিত আয় ৪৮ লাখ ডলারের নিচে হলে সর্বোচ্চ ৩ লাখ ইয়েন পর্যন্ত সহযোগিতা মেলে।
চলতি বছরের জুলাই পর্যন্ত জাপানের মাত্র ২৮১টি পৌরসভা এ প্রকল্পে যুক্ত হয়েছে, যা দেশটির ছোটবড় শহর ও গ্রাম মিলিয়ে থাকা পৌরসভার মাত্র ১৫ শতাংশ। বর্তমান নিয়ম অনুযায়ী, নবদম্পতিদের সহযোগিতার অর্ধেক অর্থ বহন করে পৌরসভা; বাকিটা দেয় কেন্দ্রীয় সরকার।






