ভারতে গেছে ৫শ টনেরও বেশি ইলিশ, দামে অসন্তুষ্ট পশ্চিমবঙ্গবাসী
গেল এক সপ্তাহে বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে ইলিশ গেছে ৫শ টনেরও বেশি। একে বাংলাদেশ সরকারের দুর্গা পূজার উপহার হিসেবেই দেখছেন পশ্চিমবঙ্গবাসী। তবে চড়া দাম নিয়ে অসন্তোষ জানিয়েছেন কলকাতার ক্রেতারা।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাজারগুলোতে এভাবেই থরে-থরে শোভা পাচ্ছে বাংলাদেশের পদ্মার রূপালি ইলিশ। দীর্ঘদিন পর আবারও এই ইলিশ পেয়ে কলকাতাসহ গোটা রাজ্যের বাঙালিরা খুশি থাকলেও, পদ্মার ইলিশের দাম নিয়ে বিরক্ত সাধারণ ক্রেতারা। তবুও, পকেটের দিকে না তাকিয়েই বাজারের ব্যাগে ইলিশ পুরতে মরিয়া সবাই।
গেল ১৪ সেপ্টেম্বর রাতে বেনাপোল-পেট্টাপোল সীমান্ত দিয়ে ইলিশের প্রথম চালান প্রবেশ করে মমতার রাজ্যে। ২০ টন দিয়ে শুরু হলেও সপ্তাহজুড়ে প্রতিদিনই এসেছে এই ইলিশ। সবশেষ সোমবার রাতে এসেছে ৯০ টন। ইলিশ আমদানীকারক প্রতিষ্ঠানের সূত্রমতে, ১৪৫০ টন ইলিশের মধ্যে এ পর্যন্ত এসেছে ৫১০ টন। বাকি ইলিশ ১০ অক্টোবরের মধ্যে পর্যায়ক্রমে পশ্চিমবঙ্গে পৌঁছাবে বলে জানা গেছে।
মূলত বাংলাদেশে মাছ ধরার পরিমাণের ওপর নির্ভর করে প্রতিদিনের চালান নির্ধারণ করা হচ্ছে বলে বাংলাদেশের রপ্তানিকারক সূত্রে জানা গেছে।






