আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা ১০ এর তালিকায় দুই চুয়েট শিক্ষার্থী
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর স্থাপত্য বিভাগের দুই শিক্ষার্থী আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন। তাইওয়ানে ৮ম ‘স্থাপত্য ও নগর পরিকল্পনা প্রতিযোগিতা’র আয়োজন করে ‘টিম ২০’।
সোমবার (৩১ আগস্ট) রাতে অনলাইন ভোটিংয়ের মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় জায়গা করে নিয়েছেন স্থাপত্য বিভাগের ১৩ ব্যাচের তাহজীবা তারান্নুম এবং মাহজেরীন সুলতানা ঐশী। তাহজীবা হয়েছেন ৬ষ্ঠ আর মাহজেরীন সুলতানা হয়েছেন ৭ম।
তাহজীবা তারান্নুমের প্রজেক্টটি ছিল বাংলাদেশের রেশম শিল্প নিয়ে। রেশম চাষ উন্নয়নের লক্ষ্যে ‘একটি আদর্শ রেশম পল্লী নির্মাণ, বাংলায় রেশম চাষের উন্নয়নের লক্ষ্য’ শিরোনামের এই প্রকল্পটি মূলত বাংলাদেশ সরকারের ‘একটি বাড়ি, একটি খামার’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের অধীনস্থ বাংলাদেশ রেশম চাষ উন্নয়ন বোর্ডের একটি গ্রামভিত্তিক ক্ষুদ্র প্রকল্প।
অন্যদিকে মাহজেরীন সুলতানার প্রজেক্টটি ছিল ‘দিনাজপুরে একটি উন্নত কৃষি বিষয়ক গবেষণাগার এবং ট্রেনিং সেন্টারের পরিকল্পনা নিয়ে।’ বাংলাদেশের প্রাচীন স্থাপনা মহাস্থানগড়ের স্থাপত্যশৈলীকে অনুসরণ করে সাধারণ কৃষক ও গবেষকদের জন্য একটি মিলনায়তনের পরিকল্পনা করা হয় এই প্রজেক্টে।
এর আগে গত জুন মাসে অনলাইনে শুরু হওয়া এই প্রতিযোগিতায় তাইওয়ান ও চীন ছাড়াও দক্ষিণ পূর্ব-এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিভিন্ন দেশের প্রায় ১৮৩টি প্রজেক্ট সাবমিট করা হয়। এদিকে তাহজীবা তারান্নুম ও মাহজেরীন সুলতানাকে অভিনন্দন জানিয়েছেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ
রফিকুল আলম। একইসঙ্গে স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলামও বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ‘টিম-২০’ একটি আন্তর্জাতিক স্থাপত্য শিক্ষা ও প্রতিযোগিতা বিষয়ক প্রতিষ্ঠান। স্থাপত্য, নগর ও পল্লী উন্নয়নের ক্ষেত্রে বিশ্বব্যাপী স্নাতক প্রকল্প ছড়িয়ে দেয়ায় এই টিমের লক্ষ্য।









