লাইভ কনসার্টে টাকা ছুঁড়লেন দর্শক, উচিৎ শিক্ষা দিলেন অরিজিৎ (ভিডিও)
দুই বাংলাতেই সংগীতের মূর্ছনা জাগিয়েছেন জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং। তার অসাধারণ গলার যাদুতে মন্ত্রমুগ্ধ অনেক মানুষই। তবে শুধুমাত্র অসাধারণ গলাই যে তার তা কিন্তু নয়, রয়েছে অসাধারণ একটা মনও। সেটারই প্রমাণ দিলেন তিনি।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে তার, যেখানে দেখা গেছে দর্শকের অযৌক্তিক আচরণেও চুপ থেকে উত্তর দিয়েছেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে একটি লাইভ কনসার্ট চলছিল অরিজিৎ সিংয়ের। মঞ্চে গিটার নিয়ে তিনি গাইছিলেন ‘রঙ দে তঙ মোহে গেরুয়া’। হঠাৎই মঞ্চের সামনের সারির এক শ্রোতা অরিজিৎতের গানে মুগ্ধ হয়ে এক গুচ্ছ টাকা ছুঁড়ে দেন মঞ্চে গায়কের দিকে।
তারপরেই যা হল তার জন্য সম্ভবত প্রস্তুত ছিলেন না কেউই। অরিজিৎ হঠাৎ করেই গান থামিয়ে মঞ্চে পড়ে থাকা টাকাগুলি কুড়াতে শুরু করেন। ততক্ষণে ছুটে এসেছেন নিরাপত্তারক্ষীও। সব টাকা তুলে নিয়ে যে ব্যক্তি ছুঁড়ে ছিলেন তার হাতেই ফেরত দিয়ে হাসিমুখে অরিজিৎ বলেন, ‘টাকা এভাবে নষ্ট করবেন না।’
তারপর ফের গিটার তুলে নিয়ে গাইতে শুরু করেন অরিজিৎ। এই গোটা ঘটনাটায় একবারের জন্য তিনি তার মেজাজ হারাননি বা খারাপ ব্যবহার করেন নি।। বরং হাসিমুখেই টাকা তুলে তা ফেরত দিয়েছেন ওই ব্যক্তিকে। এই ঘটনার পরে উপস্থিত শ্রোতারা তুমুল হাততালির মাধ্যমে স্বাগত জানায় অরিজিৎকে।
https://www.youtube.com/watch?v=4EC8m5tQf90




