এস কে সিনহার অ্যাকাউন্টে ৪ কোটি টাকা জমার তথ্য আদালতে
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে ৪ কোটি টাকা জমার তথ্য আদালতে জমা দিয়েছেন সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখার জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার আতিকুল ইসলাম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আ’সামিদের বিরুদ্ধে সোনালী ব্যাংকের তিন কর্মকর্তার সাক্ষ্য নেয়া হয়েছে। তারা হলেন, সোনালী ব্যাংক সুপ্রীম কোর্ট শাখার প্রিন্সিপাল অফিসার সাদিকুল ইসলাম, শাকওয়াত হোসেন মিশন ও একই শাখার সিনিয়ার অফিসার আওলাদ হোসেন।
এসময় তিনি আদালতকে জানান, ২০১৬ সালের ৯ নভেম্বর তৎকালীন ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) দুটি পে–অর্ডারের মাধ্যমে তাঁদের শাখার গ্রাহক সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাংক হিসাবে এই টাকা জমা হয়।
সোনালী ব্যাংক কর্মকর্তা আতিকুল ইসলাম আরও জানান, গত বছরের ৩০ জুলাই দুদকের পরিচালক বেনজির আহমেদ তাঁদের ব্যাংকে আসেন। বেশ কিছু কাগজপত্র জব্দ করেন, যা তাঁর কাছে জিম্মায় দিয়ে আসেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক শেখ নাজমুল আলম এই সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করেন। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী ৪ অক্টোবর। এ পর্যন্ত এই মামলার ১৮ জনের মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
কারাগারে থাকা তৎকালীন ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীকেও আদালতে হাজির করা হয়। আদালতে আরো হাজির ছিলেন জামিনে থাকা মামলার আ’সামি, ফারমার্স ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ক্রেডিটপ্রধান গাজী সালাহউদ্দিন, ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীম, ফারমার্স ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হক, টাঙ্গাইলের মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা। মামলায় পলাতক চারজন। তাঁরা হলেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, ফারমার্স ব্যাংকের গুলশান শাখার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হক ও এস কে সিনহার কথিত পিএস রণজিৎ চন্দ্র সাহা এবং রণজিতের স্ত্রী সান্ত্রী রায় (সিমি)। আদালতে উপস্থিত ছিলেন আ’সামিপক্ষের আইনজীবী আমিনুল গনি ও শাহিনুর ইসলাম।






