337297

‘৫১ শতাংশ মানুষ জানেন কীভাবে করোনা প্রতিরোধ করতে হয়’

দেশের ৫১.৬ শতাংশ লোক করোনা সংক্রমণ কীভাবে প্রতিরোধ করতে হয়- তা জানেন বলে এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে জনস্বাস্থ্য ইন্সটিটিউট ও স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার গণমাধ্যমে এই গবেষণা প্রতিবেদন পাঠানো হয়।

জনসাধারণ ঢাকা শহরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত এবং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে জ্ঞান বা সচেতনতার ব্যাপ্তি, মনোভাব এবং এর প্রয়োগ নিরূপণের লক্ষ্যে জনস্বাস্থ্য ইন্সটিটিউট ও স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা যৌথভাবে ৩টি গবেষণার ফল প্রকাশ করেছে।

গবেষণাটি এ বছরের মার্চ থেকে আগস্টের মধ্যে পরিচালনা করা হয়। এতে অংশ নেন ১ হাজার ৫৪৯ জন। যাদের মধ্যে ঢাকা শহরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিভিন্ন পদে কর্মরত ৬০৪ জন এবং ৩৯৯ জন শিক্ষার্থী।

প্রতিবেদনে জানানো হয়, গবেষণাটি ঢাকা মহানগর ও দেশের উত্তরাঞ্চলের দুটি গ্রামীণ জনপদে পরিচালনা করা হয়। এর মধ্যে ৬৯.৮ ভাগ লোক করোনাভাইরাস কীভাবে ছড়ায়, সে সম্পর্কে জানেন এবং সামাজিক বা পারস্পরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি ৭০ শতাংশ উত্তরদাতা সঠিকভাবে জানেন। এ ছাড়া মাস্ক ব্যবহার এবং হাত ধোয়ার বিষয়ে যথাক্রমে ৭৮.৪ শতাংশ এবং ৮৭.৬ শতাংশ ইতিবাচক ধারণা পোষণ করেন। করোনাভাইরাস সংক্রমণ কীভাবে প্রতিরোধ করতে হয়, সে বিষয়ে শতকরা ৫১.৬ শতাংশ লোক জানেন।

প্রতিবেদনে বলা হয়, এই উত্তরদাতাদের মধ্যে ৫২.১ শতাংশ লোক মাস্ক ব্যবহার করেন। করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানো এবং সামাজিক দূরত্বের বিষয়ে ধারণা শহুরে জনগোষ্ঠীর চেয়ে গ্রামের মানুষের অনেক কম। জনসাধারণের মধ্যে করোনাভাইরাসকে মরণব্যাধি মনে করেন ৭৪ শতাংশ।

রাজধানীর বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের ওপর পরিচালিত গবেষণায় পাওয়া যায়, তাদের মধ্যে শতকরা ৭৫ শতাংশ করোনা ছড়ানো ও প্রতিরোধ বিষয়ে জানেন এবং ৭৬ শতাংশ ব্যক্তিপর্যায়ে স্বাস্থ্যবিধি চর্চা করেন। এর মধ্যে ৭৭ শতাংশ লোক মনে করেন করোনা পরিস্থিতি সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

এদিকে রাজধানীসহ বিভাগীয় শহরের শিক্ষার্থীদের ওপর পরিচালিত তৃতীয় গবেষণা প্রতিবেদনে বলা হয়, তাদের মধ্যে করোনা সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে শতকরা ৭১.৬৮ শতাংশের। শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩২ শতাংশ জানিয়েছেন, তারা বাড়িতে বা বাইরে সামাজিক দূরত্ব না মেনেই আড্ডা দেন। আর ১৬ শতাংশ রেস্টুরেন্ট বা খাবারের দোকানে যান।

এ ছাড়া স্বাস্থ্যবিধি পালন করেন না মেডিকেলের ৬৯.১৫ শতাংশ শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ৭৯.৪ শতাংশ স্বাস্থ্যবিধি পালন করেন না বলেও গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়। সূত্রঃ যুগান্তর

ad

পাঠকের মতামত