337220

নতুন শাকিব জন্ম দেব: মানিক

নিউজ ডেস্ক।। নৃত্যশিল্পী আজিজ রেজার হাত ধরে চলচ্চিত্রে আসা চিত্রনায়ক শাকিব খানকে লাইমলাইটে নিয়ে আসেন নির্মাতা এফ আই মানিক। শাকিব খানকে নিয়ে তিনি একের পর এক ছবি নির্মাণ করেন। মানিক নতুন সিনেমা শুরু করলেই ডাক পেতেন শাকিব খান। কিন্তু যিনি শাকিব খানকে তৈরি করলেন তারই সিডিউল ফাঁ’সিয়ে পথে বসালেন শাকিব। শাকিবের কারণে দীর্ঘ ৭ বছর থেকেই চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন এই নির্মাতা।

এতবছর পর ফিরে এসে ‘নতুন শাকিব’ জন্ম দেওয়ার কথা জানালেন ‘স্বপ্নের বাসর’ খ্যাত নির্মাতা। সময় নিউজের কাছে কেঁদে কেঁদে এমনই অভিযোগ করলেন নির্মাতা এফ আই মানিক।

এফ আই মানিক শাকিব খানকে নিয়ে প্রায় ২৫টির মতো সিনেমা নির্মাণ করেছেন। শাকিব খানকে যখন কোনো পরিচালক ডাকতেন না তখন নির্মাতা মানিক একসাথে তাকে নিয়ে ‘স্বপ্নের বাসর’, ‘কোটি টাকার কাবিন, ‘চাচ্চু’, ‘দাদীমা’র মতো সুপারহিট সিনেমা নির্মাণ করেন। এরপর থেকেই শাকিবের গ্রহণযোগ্যতা আসে। পরবর্তীতে শাকিবকে নিয়ে চলচ্চিত্র বানাতে দুটি ছবির জন্য তাকে বাসায় গিয়ে টাকাও দিয়ে আসেন মানিক। তবে শাকিব দুটি ছবিরই সিডিউল বাতিল করেন। শাকিবের কারণে চলচ্চিত্র থেকে দূরে সরে যান এ নির্মাতা। এমনটাই জানালেন শাকিবের সুপারহিট সিনেমার নির্মাতা খোকন।

শাকিব কীভাবে আপনাকে চলচ্চিত্র থেকে সরালেন? এমন প্রশ্নে মানিক বলেন, দেখেন প্রযোজকরা শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণের কথা বলেন। শাকিব হলে সিনেমা নির্মাণে অর্থ লগ্নী করবেন। তখন শাকিবের কাছে গিয়ে দুটি ছবি নির্মাণ করার জন্য সাইনিং মানি দেই। কিন্তু শাকিব সিনেমা না করার কারণে আমি ছিটকে পড়ি। এরপর দুই বছর আগেই সেলিম খানের একটি ছবি করার কথা ছিল। নায়ক ছিল শাকিব খান।

তখন শাকিবও চেয়েছিল আমি ছবিটি করি। একটু গ্যাপ ছিল তাই শাকিব মিটিংয়ে ডেকে বললেন, বাবা আপনি ছবিটা করেন। আপনি গ্যাপের পর ছবি করলে সুপারহিট হয়। তখন আমিও সরল মনে ছবিটি করার আগ্রহ দেখাই। ছবির নাম ছিল ‘কিছু মানুষের জীবনে’। একটা পর্যায়ে গিয়ে শাকিব আর সিডিউল দেয়নি। এই যে শাকিব আমাকে নিয়ে এভাবে খেলল তার কারণে একটা সময় আমি চলচ্চিত্র থেকে সরে যাই।

‘‘আনাড়ি শাকিবকে নৃত্য পরিচালক আজিজ রেজা আমার হাতে এনে দেয়। তারপর আড়াই মাস প্রচণ্ড ট্রেনিং করিয়ে তাকে তৈরি করি। তাকে নিয়ে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দেই। কিন্তু তার কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। অনেক প্রযোজক পরিচালক তার কারণে মা’রাত্মকভাবে ক্ষ’তিগ্রস্ত হয়েছেন।’’

নতুন শাকিব জন্ম দেওয়ার প্রসঙ্গে মানিক জানান, শাকিবের পেছনে আমার তো অনেক অবদান ছিল। সেগুলো বলতে চাই না, নিজেরই খারাপ লাগে। এখন সময় এসেছে আরেকটা নতুন শাকিবকে জন্ম দেওয়ার।

এফ আই মানিক পরিচালিত মুক্তির অপেক্ষায় আছে তারকাবহুল সিনেমা ‘এ দেশ তোমার আমার’। এই নির্মাতা জানান, সিনেমা হল খুললেই ছবিটি মুক্তি দেয়া হবে। কারণ চলচ্চিত্রর এই দুঃসময়েও শাকিব নীরব। তার উচিত ছিল সবাইকে ডেকে নতুন ছবি নির্মাণের পরিকল্পনা করা।

এদিকে শাপলা মিডিয়া থেকে নতুন চলচ্চিত্র নির্মাণ করবেন বলে জানান মানিক। নাম ঠিক না হওয়া ওই ছবি দিয়েই ৭ বছর পর ফিরছেন গুণী এই নির্মাতা। ছবিতে জুটি হবেন শিশুশিল্পী থেকে তারকা খ্যাতি পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি ও শান্ত খান। ‍উৎস: সময়নিউজ।

ad

পাঠকের মতামত