শ্রীলঙ্কা সিরিজের আগে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ
শ্রীলঙ্কা সফরে নিশ্চিত তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এছাড়া প্রস্তুতি ম্যাচের সংখ্যা বেড়ে চারটিও হতে পারে। মঙ্গলবার (১৮ আগস্ট) এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। করোনার কারণে গেল মার্চ থেকে ক্রিকেট থেকে দূরে বাংলাদেশের খেলোয়াড়রা। গেল মাসে বিসিবির আয়োজনে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছে ক্রিকেটাররা। কিন্তু মার্চ থেকে জুলাই পর্যন্ত গৃহবন্দি হয়ে থাকায়, আন্তর্জাতিক অঙ্গনে খেলতে নামাটা কঠিনই ক্রিকেটারদের জন্য। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে গিয়ে, সেখানে তিন থেকে চারটি অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। অক্টোবর থেকে সিরিজ শুরু হবে।
বিসিবির পরিকল্পনা মতে সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে গিয়ে সেখানে তিন থেকে চারটি অনুশীলন ম্যাচ খেলবে টাইগার ক্রিকেটাররা। এরপর অক্টোবর থেকে শুরু হবে মূল সিরিজ।
আকরাম খান বলেন, আমরা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে তিন-চারটা অনুশীলন ম্যাচ খেলবো। সেখান থেকে বাছাইয়ের সুযোগ থাকবে। সেখানেও দল নির্বাচনের বিকল্প থাকবে। সর্বশেষ ৫-৬ মাস কোনো খেলা ছিল না। টেস্টের আগে অনুশীলন ম্যাচের খুবই প্রয়োজন।
অনুশীলন ম্যাচগুলো কাদের বিপক্ষে হবে তা জানাননি আকরাম। শ্রীলঙ্কায় যাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আকরাম। তবে নিজেদের সঙ্গে যাওয়া এইচপি দলের সাথেই অনুশীলন ম্যাচ খেলার সম্ভাবনা বেশি রয়েছে। এরপর ২৪ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।






