ওএসডি’র পর এবার আরও বড় পদে সেই ডা. আমিনুল
রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথকেয়ার কেলেঙ্কারির ঘটনায় গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) পদ থেকে ডা. আমিনুল হাসানকে বদলি করে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। এবার তাকে সেখান থেকে সরিয়ে আরো বড় পদে দায়িত্ব দেয়া হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত অধিদপ্তরের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. আমিনুল হাসানকে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ করে পদায়ন করেছে মন্ত্রণালয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। এর আগে গতকাল রোববার প্রজ্ঞাপনটি জারি করা হয়। আজ তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, বিতর্কিত রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির বিষয়টি নিয়ে আমিনুলকে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করে।
রিজেন্টের সঙ্গে জেকেজি কেলেঙ্কারি, মাস্ক ও পিপিই কেনায় অনিয়মসহ নানা অভিযোগের মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ ছাড়েন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তার সঙ্গেই পরিচালকের পদে ছিলেন আমিনুল।
নতুন করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ও চিকিৎসার জন্য রাজধানীর উত্তরা ও মিরপুরের রিজেন্ট হাসপাতালের সঙ্গে গত ২১ মার্চ চুক্তি করে স্বাস্থ্য অধিদপ্তর। ভুয়া প্রতিবেদন দেওয়া এবং প্রতারণার অভিযোগ পেয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। তখন জানা যায়, ওই হাসপাতালের লাইসেন্সের মেয়াদই ছিল না।
এসব অভিযোগে রিজেন্ট হাসপাতাল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ১৫ জুলাই গ্রেপ্তার হন রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানটির সঙ্গে কীভাবে স্বাস্থ্য অধিদপ্তর চুক্তি করল এ প্রশ্নে ডা. আমিনুল হাসান গত ৮ জুলাই গণমাধ্যমে বলেছিলেন, ‘বাধ্য হয়ে’ তা করেছিলেন তারা।






