ঢাকা শহর তারমুক্ত করতে ২০ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ
নিউজ ডেস্ক।। রাজধানী ঢাকার অন্যতম জঞ্জালের নাম বৈদ্যুতিক তার। যত্রতত্র এমনভাবে ছড়ানো-ছিটানো যে, সৌন্দের্যের হানি তো বটেই, দুর্ঘটনার কারণও হয়ে ওঠে মাঝে মাঝে।
এসব বৈদ্যুতিক সঞ্চালন লাইন মাটির নিচে স্থাপন করতে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও কার্যকর হতে দেখা যায়নি। তবে এবার এ সংক্রান্ত একটি মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের সব বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপন করা হবে।
বৃহৎ এই প্রকল্পে খরচ ধরা হয়েছে ২০ হাজার ৫০১ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। ২০২৩ সালের মধ্যে এই কাজ সম্পন্ন করার কথা রয়েছে।
তবে এই মহাপরিকল্পনা হাতে নেওয়ার আগে একটা পাইলট প্রকল্প হাতে নিতে চায় কর্তৃপক্ষ। পাইলট প্রকল্পটির আওতায় পরীক্ষামূলকভাবে ঢাকার হাতিরঝিল ও ধানমন্ডির সব বৈদ্যুতিক তার মাটির নিচ দিয়ে সঞ্চালন করা হবে। যদি এতে সফল হওয়া যায় এবং বিষয়টা কার্যকর প্রমাণিত হয় তখন মূল পরিকল্পনার আওতায় ঢাকা ও নারায়ণগঞ্জে একযোগে কাজ শুরুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রকল্প প্রসঙ্গে পরিকল্পনা কমিশেনর শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, ডিপিডিসি এলাকায় দিন দিন বিদ্যুতের চাহিদা বাড়ছে। তাই পুরো বিষয়টাকে একটা সিস্টেমের মধ্যে আনার তাগিদ ছিল অনেকদিন থেকেই। অবশেষে তা শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। প্রকল্পটি পরবর্তী একনেক সভায় উপস্থাপন করা হবে। ২৪ লাইভ নিউজ






