332788

আরব আমিরাতে রেজিস্ট্রেশন চলছে ভ্যাকসিন প্রয়োগের জন্যে 

আন্তর্জাতিক ডেস্ক।। মানবদেহে করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের তৃতীয়ধাপে প্রবেশ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

সে লক্ষ্যে ভ্যাকসিন গ্রহণকারী স্বেচ্ছাসেবীদের রেজিস্ট্রেশন চলছে বলে জানিয়েছে আবুধাবি মিডিয়া অফিশিয়াল।

এক বিবৃতিতে তারা জানায়, আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেশের নাগরিক ও অভিবাসীদের এই পরীক্ষামূলক প্রয়োগে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। যারা এই প্রক্রিয়ায় অংশ নিতে চায় তাদেরকে মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন করতে হবে।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, চীনা কোম্পানির সিনোফার্মের গবেষণায় অংশীদারিত্বে যুক্ত হয়েছে আরব আমিরাত। যৌথ এই গবেষণায় যে ভ্যাকসিন প্রস্তুত করা হয়েছে তা দুই দেশেই ক্লিনিক্যাল ট্রায়ালের ভেতর দিয়ে যাচ্ছে। জুলাই মাসের শুরুতেই আমিরাত এই ভ্যাকসিন তৃতীয় দফায় মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের ঘোষণা দিয়েছিল, যা এ সম্পর্কিত গবেষণার শেষ ধাপ হিসেবে পরিগণিত হয়।

যারা এই প্রক্রিয়ায় স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিতে চায় তাদের উদ্দেশ্যে আবুধাবি মিডিয়া অফিশিয়ালের বিবৃতিতে বলা হয়, বয়স ১৮ থেকে ৬০-এর মধ্যে হলেই কেবল ভ্যাকসিন গ্রহণের জন্য অনুমোদিত হবেন। রেজিস্ট্রেশনের জন্য সবাইকে www.4humanity.ae ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।

আবুধাবি স্বাস্থ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান শেইখ আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-হামাদ স্বেচ্ছাসেবী হিসেবে ভ্যাকসিন গ্রহণের জন্য নিজের নাম রেজিস্ট্রেশন করেছেন। তিনি দেশের করোনা আ’ক্রান্ত সবাইকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

ad

পাঠকের মতামত