দীর্ঘ দুই মাসের জ্বল্পনা-কল্পনার পর স্থগিত করা হলো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ
খেলাধূলা ডেস্ক।। কোভিড-১৯ এর কারণে অন্য অনেক সিরিজ, টুর্নামেন্টের মতোই আজ স্থগিত ঘোষণা করা হলো এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।সোমবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নির্বাহী পরিষদের সভায় এ গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেয়া হয়।
২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য ঝুলছিল সুতোয়। যদিও স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনাই ছিল প্রবল। শেষ পর্যন্ত সেটাই হলো। আইসিসির ঘোষণা অনুযায়ী, এক বছর পিছিয়ে দেয়া হলো এই টুর্নােমেন্ট। আগামী বছর অনুষ্ঠিত হবে, টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।
এ বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ার হওয়ার কথা ছিল ২০ ওভারের বিশ্বকাপের সপ্তম আসর। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনেক আলোচনার পর ২০২০ সালের প্রতিযোগিতাটি পিছিয়ে দেয়ার সিদ্ধান্তই নেয়া হয়। ।
বোর্ড সভায় আইসিসি টানা তিন বছর তিনটি প্রতিযোগিতা আয়োজনে সম্মত হয়েছে। যেখানে রয়েছে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার প্রথমটি ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে ও পরেরটি ২০২২ সালে একই সময়ে। আর ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি অবশ্য নিশ্চিত করেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটি কোথায় হবে। এফটিপি অনুযায়ী, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত।
নতুন সিদ্ধান্তে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালে স্থানান্তরিত করা হয়েছে, নাকি ভারতের আসর পিছিয়ে ২০২২ সালে নেয়া হয়েছে, সে ব্যাপারে কিছু জানায়নি আইসিসি।




