বাবাকে শেষবারের মতো দেখতে চান এন্ড্রু কিশোরের সন্তানরা
বিনোদন ডেস্ক: বনে এমন ঘটনা খুবই স্বাভাবিক। ছেলেমেয়েরা বাইরে থাকলে বাবা-মা অপেক্ষা করেন দুশ্চিন্তা নিয়ে, কখন তারা ঘরে ফিরবে। কিন্তু প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের অপেক্ষাটা অন্যরকম।
এই অপেক্ষা আছে, কিন্তু উদযাপন নেই। বলা চলে কোনো দুশ্চিন্তাও নেই। কারণ সব অনুভূতি-উদযাপনের ঊর্ধ্বে চলে গেছেন তিনি। আজ সোমবার (৬ জুলাই) ক্যান্সারের সঙ্গে লড়াই করে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার মরদেহ রাখা হয়েছে রাজশাহীর একটি হাসপাতালের হিমঘরে।
অপেক্ষা তার ছেলে ও মেয়ের। তারা রয়েছেন অস্ট্রেলিয়ায়। সেখানে পড়াশোনা করেন। বাবার মৃত্যুর খবর তাদের জানানো হয়েছে। তারা দেশে আসতে চান। বাবাকে শেষবারের মতো দেখতে চান। করোনা পরিস্থিতিতে অবস্থা প্রতিকূলে থাকলেও দেশে আসার চেষ্টা করছেন তারা।
ছেলেমেয়ে ফিরলেই এন্ড্রু কিশোরকে সমাহিত করা হবে। এক ছেলে এন্ড্রু সপ্তক ও এক মেয়ে এন্ড্রু সঙ্গার জনক এন্ড্রু কিশোর।
শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, এন্ড্রু কিশোরকে রাজশাহীতে তার মায়ের পাশে সমাহিত করা হবে।




