মুজিববর্ষে বেকারদের জন্য ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ প্রকল্প আসছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক।। করোনাকাল ও পরবর্তী বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’-এর অষ্টম পর্ব অনুষ্ঠানে এ কথা বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।
তিনি বলেন, মুজিববর্ষে কেউ যাতে বেকার না থাকে, সে উপলক্ষে কর্মসংস্থান ব্যাংকের সঙ্গে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ নামে একটি প্রকল্প চালুর চুক্তি করেছে সরকার। যেখানে ২০ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ সুবিধা দেওয়া হবে।
জাহিদ হাসান রাসেল বলেন, করোনার প্রভাবে সারা বিশ্বের মতো আমাদের যুব সম্প্রদায়, যাঁরা বিভিন্ন কর্মস্থানে আছেন, তাঁরা অনেকেই আংশিক বা পুরোপুরি বেকার হয়ে যাবেন। এই হঠাৎ বেকার হয়ে পড়া জনগোষ্ঠী, যাঁরা গ্রামে চলে গেছেন বা যাবেন ভাবছেন, তাঁদের সেখানেই আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য এবং তাঁদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া এবং তাঁদের জন্য ঋণের ব্যবস্থা করে দেওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী তিন বছরে ১২ লাখ দক্ষ যুবকের কর্মসংস্থান করার লক্ষ্য নিয়েছে সরকার।
প্রতিমন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্হ যুব উন্নয়ন অধিদপ্তর হতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কর্মহীন হয়ে পড়া যুবকরা এ ঋণ গ্রহণ করতে পারবেন।
উক্ত ঋণ প্রদানের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা অগ্রাধিকার পাবেন।




