সৌদি আরবে আবিস্কার হলো কোরআনের অতি পুরনো একাধিক শিলালিপি
ধর্মবার্তা।। সৌদি আরবের একজন ঠিকাদার মক্কার আল-মাআলাত কবরস্থানের নিকটে খননকালে কোরআনের একাধিক শিলালিপি আবিষ্কার করেছে। পরে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হয়েছে। মিডল ইস্ট মনিটর, ইকনা
তিনি আল-মাআলাত কবরস্থানে নিকটবর্তী স্থানে একটি স্মার্ট পার্কিং প্রকল্পের ঠিকাদার। স্মর্ট পার্কিং-এর কাজ চলাকালীন সময় তিনি কিছু পাথরের উপর পবিত্র কোরআনের আয়াত লেখা দেখতে পান। এসকল পাথরের মধ্যে একটি পাথর আব্বাসীয় শাসনামল অর্থাৎ ৬৫৫ হিজরি সময়ের।
আবিষ্কৃত পবিত্র কোরআনের শিলালিপিগুলো এই ঠিকাদার মক্কা নগরীর কর্মকর্তা মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-কওইহাস এবং নগরীর পর্যটন উন্নয়ন কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হিশাম বিন মোহাম্মদ মাদানী’র উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।
যেখানে কোরআন শিলালিপি পাওয়া গেছে সেখানে খনন কাজ চলমান রয়েছে এবং ওই অঞ্চলে যেসব জিনিসপত্র ও নিদর্শন পাওয়া যাবে সেগুলো সৌদি পর্যটন মন্ত্রণালয়ের নিকট হস্তান্তর করা হবে।




