রাজধানীর ডেলটা হাসপাতাল ২০০ টাকার বিল ধরাচ্ছে তাপমাত্রা মাপতে
নিউজ ডেস্ক।। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গিয়ে দেখা গেল রোগী আসলেই স্ক্রিনিংয়ের নামে ধরিয়ে দেয়া হচ্ছে জনপ্রতি ২০০ টাকার বিল। তাপমাত্রা মাপার মতো সাধারণ ব্যবস্থার চার্জ ধরায় ক্ষুব্ধ চিকিৎসা প্রত্যাশীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বাড়তি আয়োজনের কারণে বাড়তি বিল।
করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি সবখানেই। তাই যে কোন প্রতিষ্ঠান, দোকান কিংবা শপিং মলে তাপমাত্রা মেপে নেয়া এখন স্বাভাবিক নিয়ম। উল্টো চিত্র দেখা গেল রাজধানীর মিরপুরে ডেলটা মেডিকেলে কলেজ হাসপাতালে। যে কোন চিকিৎসার জন্য গেলেই প্রথমে জানতে চাওয়া হয় গেল ১৪ দিনের ইতিহাস। মাপা হয় তাপমাত্রা, দেখা হয় অক্সিজেন মাত্রা। আর তারপর ধরিয়ে দেয়া হয় ২০০ টাকার বিল।
একজন বলেন, এখন সব জায়গাতেই তাপমাত্রা মাপা হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার দেয়া হচ্ছে। এখানে হ্যান্ড স্যানিটাইজার নাই, তারপরও কেন ২০০ টাকা নেয়া হচ্ছে? সেবা নিতে হবে তাই অনেকটা বাধ্য হয়েই এই টাকা শোধ করছেন সেবাপ্রত্যাশীরা।
একজন বলেন, তারা বলছেন দিতেই হবে, তাই বাধ্য হয়েই দিচ্ছি। বিষয়টি জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের আচরণ ছিল বিরূপ।
প্রতিটি বিলেই লেখা স্ক্রিনিং আর সার্ভিস চার্জ। সে বিষয়ে প্রশ্নে হাসপাতাল কর্তৃপক্ষের জবাব ছিল গৎবাঁধা । হাসপাতালের এক কর্মকর্তা বলেন, এখান থেকে বেশকিছু বিষয় চেক করে চিকিৎসককে জানানো হয়। সে হিসেবেই বিল নেয়া। এমন দু’র্যোগে হাসপাতালগুলোর বাণিজ্যিক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটছে অনেক ক্ষেত্রেই। উৎস: সময়টিভি।






