324466

নাফিসা কামাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নিতে চান কোহলিকে

খেলাধূলা ডেস্ক।। আন্তর্জাতিক ম্যাচ আর আইপিএল খেলে দেশের বাইরের কোনো লিগ খেলার ফুরসত মিলে না ভারতের জাতীয় দলের ক্রিকেটারদের।

তাছাড়া দেশের বাইরের এমন কোনো লিগে খেলায় অনুমতিও দেয় না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তবে যদি অনুমতি মেলে তবে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে দেখা যেতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে!

সুযোগ পেলে কোহলিকে নিজ দলে ভেড়াতে চান এর স্বত্বাধিকারী নাফিসা কামাল।

সম্প্রতি এক ফেসবুক লাইভে এমনটাই জানালেন নাফিসা।

লাইভে নাফিসাকে সঞ্চালক বলেন, সম্প্রতি যুবরাজ সিং, সুরেশ রায়নাসহ অনেক ভারতীয় ক্রিকেটার দাবি তুলেছেন, বিপিএল, বিগব্যাশের মতো দেশের বাইরের লিগগুলোতেও যেন খেলার অনুমতি দেয়া হয় তাদের। আর ভারতের ক্রিকেট বোর্ড যদি অনুমতি দিয়েই বসে তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনেক ভারতীয় তারকাকে দেখা যাবে নিশ্চিত।

এরপর সঞ্চালক নাফিসা কামালের উদ্দেশে প্রশ্ন করা ছুড়েন, বিসিসিআইয়ের অনুমোদন মিললে কোন ভারতীয় ক্রিকেটারকে নিতে চাইবেন?

জবাবে নাফিসা কামাল বলেন, অবশ্যই তিনি বিরাট কোহলি। আমি আমার দলের ক্রিকেটারদের সঙ্গে মজা করে বলি, আমার যদি সুযোগ হয়, তাহলে পুরো দলের বাজেট দিয়ে হলেও আমি বিরাট কোহলিকে নেব। বাংলাদেশ ক্রিকেটের বাইরে আমার পুরো মনোযোগের শুরু এবং শেষ বিরাট কোহলি। শুধু ক্রিকেটার হিসাবে নয়; সবকিছু মিলিয়ে তিনি একজন আদর্শ ক্রিকেটার।

নাফিসা কামাল আরও বলেন, আইপিএলে খেলা ক্রিকেটারদের দলে পেলে আমাদের ক্রিকেটে সেটা কাজে লাগবে। ওদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। উৎস: যুগান্তর।

ad

পাঠকের মতামত