323300

ঝড় মোকাবেলার প্রস্তুতির খবর রাখছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।। শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান উপকূলের কাছাকাছি আসায় সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষণ খোঁজ খবর রাখছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মঙ্গলবার বলেন, প্রধানমন্ত্রী সর্বক্ষণ দুর্যোগ পরিস্থিতি মনিটরিং করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে উপকূলীয় এলাকাগুলো থেকে ৩ লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আজ রাতের মধ্যেই সকলকে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য আহ্বান করা হচ্ছে।

আম্পান বুধবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে উপকূলে আছড়ে পড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তখন এর শক্তি কিছুটা কমলেও কমলেও বিপুল ধ্বংস ঘটানোর সামর্থ্য রাখে এ ঝড়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর বিক্ষুব্ধ থাকায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলাগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-১০ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান ইতোমধ্যে জানিয়েছেন, মঙ্গলবার রাতের মধ্যে ২২ লাখ মানুষকে ১২ হাজার ৭৮টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

করোনাভাইরাসের মহামারীর এই সময়ে যারা আশ্রয়কেন্দ্রে আসছেন তাদের সবাইকে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ad

পাঠকের মতামত