রিজিয়ার মুখে হাসি ফুটাল সেনাবাহিনী
নিউজ ডেস্ক।। ঝালকাঠির রাজাপুরে করোনার কারণে ৫০ শতক জমির সবজি বিক্রি করতে পারছিলেন না রিজিয়া বেগম।এতে তিনি অসহায় হয়ে পড়েছিলেন। এ খবর পেয়ে জমির সব সবজি কিনে নেয় সেনাবাহিনী।
মঙ্গলবার (১৯ মে) সকালে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের সাত পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আংগারিয়া গ্রামের মোসা. রিজিয়া বেগমের জমির সবজি কিনে নেওয়া হয়। সবজির মধ্যে রয়েছে ঢেঁড়স, কাঁচা মরিচ, পেঁপে, ঝিঙা, মিষ্টি কুমড়া, চুনা কুমড়া এবং বরবটি।
নারী কৃষক রিজিয়া বেগম সময় নিউজকে বলেন, ৫০ শতক জমিতে বিভিন্ন প্রকারের সবজির চাষ করেছেন। ১২ মাস তিনি সবজি বিক্রি করে সংসার চালান। কিন্তু এই করোনা ভাইরাসের কারণে তার সবজি বিক্রি না হওয়ায় ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছিল। এ অবস্থায় ক্ষেত থেকে সেনাবাহিনীর কাছে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করতে পেরে দারুণ খুশি তিনি।
২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর কর্মকর্তা মেজর মো. সাইদ সময় নিউজকে বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন গ্রাম অঞ্চলের প্রান্তিক চাষিরা ন্যায্যমূল্যে সবজি বিক্রি করতে পারছে না। মধ্য সত্ত্বভোগীরা তাদের কাছে কম মূল্যে ক্রয় করে শহরে নিয়ে তারা বেশি মূল্যে বিক্রি করছেন। ন্যায্যমূল্য থেকে প্রান্তিক চাষিরা বঞ্চিত হচ্ছেন। এ কারণে আমরা রিজিয়া বেগমের কাছ থেকে বিভিন্ন ধরনের সবজি কিনেছি। আমরা শুধু এই অঞ্চলেই নয়, বরিশাল বিভাগের অন্য অঞ্চলেও আমাদের এ কার্যক্রম চলমান রেখেছি।




