322686

‘আম’ আকৃতির ডিম পাড়ছে মুরগি!

আজব ডেস্ক।। হুবহু আম আকৃতির ডিম পাড়ছে একটি মুরগি। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে বান্দরবানের লামা পৌরসভা এলাকার চাম্পাতলী পাড়ার বাসিন্দা ও উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মহসিন রেজার বাড়িতে।

উৎসুক জনতা ওই ডিম দেখতে গত দুদিন ধরে ভিড় জমাচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তার বাড়িতে। প্রাণী বিশেষজ্ঞদের মতে, ইতিপূর্বে এরকম আকৃতির ডিম তারা দেখেননি।

মুরগির মালিক মহসিন রেজা দৈনিক আমাদের সময়কে জানান, ডিম পাড়া কালো রংয়ের ওই মুরগির বয়স এক বছর। প্রথমদিকে মুরগিটি স্বাভাবিক আকৃতির ডিম পারত। কিন্তু গত তিনদিন ধরে মুরগিটি ঠিক আমের আকৃতির ডিম পাড়ছে। তবে ডিমের ভেতর কুসুম অন্য ডিমের মতো স্বাভাবিক।’

তিনি বলেন, ‘মুরগিটি এ পর্যন্ত তিনটি ডিম পেরেছে, যা আম আকৃতির। এমন ডিম পাড়ার খবর ছড়িয়ে পড়লে তা এক নজর দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।’

‘আম আকৃতির ডিম পাড়ার বিষয়টি প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অদ্ভুত আকৃতির ডিমগুলো গবেষণার জন্য ঢাকায় প্রাণী সম্পদ কার্যালয়ে পাঠানো হবে’, যোগ করেন প্রাণীসম্পদ কর্মকর্তা।

এ বিষয়ে লামা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী বলেন, ‘এ রকম ঘটনা খুবই কম। তবে মুরগির খাবারে ক্যালসিয়ামের পরিমাণ কম হলে বা ডিম পাড়ার আগ মুহূর্তে কোনো সমস্যা হলে এমন ডিম পাড়ার সম্ভাবনা রয়েছে। তা ছাড়া অন্য সমস্যার কারণেও এ রকম হতে পারে।’ উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত