অনলাইনে টেনিস খেলেই আয় আট কোটি টাকা
স্পোর্টস ডেস্ক।। ঘরে বসেই ১০ লাখ মার্কিন ডলার (প্রায় সাড়ে ৮ কোটি টাকা) জিতে নিলেন যুক্তরাষ্ট্রের টেনিস খেলোয়াড় টেলর ফ্রিটজ।
অনলাইনে টেনিসের গেমস খেলে পাওয়া এই অর্থ নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা না দিয়ে ‘নো কিডস হাংরি’ নামের শিশুদের জন্য প্রতিষ্ঠিত একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ‘স্টে অ্যাট হোম স্ল্যাম’ নামের অনলাইন টুর্নামেন্টটি অবশ্য একা খেলেননি এটিপি র্যাঙ্কিংয়ের ২৪ নম্বর খেলোয়াড় ফ্রিটজ। দ্বৈত এই খেলায় তার সঙ্গী ছিলেন যুক্তরাষ্ট্রেই সামাজিক যোগাযোগমাধ্যম তারকা অ্যাডিসন রে। দুজনে গতকাল ফাইনালে হারিয়েছেন জাপানি জুটি কেই নিশিকোরি ও ডিজে স্টিভ আওকিকে।
টুর্নামেন্টে আরও নামীদামি টেনিস তারকারাও খেলেছেন। প্রতি টেনিস তারকার সঙ্গে জুটি বেঁধেছিলেন একজন করে অন্য ভুবনের তারকারা। সেরেনা উইলিয়ামস যেমন জুটি বেঁধেছিলেন বিখ্যাত মডেল জিজি হাদিদের সঙ্গে। সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামস খেলেছেন এনএফএল তারকা ডিআন্দ্রে হপকিন্সের সঙ্গী হয়ে। মারিয়া শারাপোভার সঙ্গী ছিলেন মডেল কার্লি ক্লস। এ ছাড়াও টেনিস তারকাদের মধ্যে ছিলেন কেভিন অ্যান্ডারসন, নাওমি ওসাকা ও ম্যাডিসন কিস।




