319110

চাল চুরি দায়ে নোয়াখালীতে আ.লীগের দুই নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক।। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মীসূচির ১৫ বস্তা চাল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন-সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন ও নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ জাহান সাজু। এদের মধ্যে শাহ জাহান খান খাদ্যবান্ধব কর্মীসূচির চালের ডিলার ছিলেন।

আজ শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহি উদ্দিন টুকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ এপ্রিল সন্ধ্যায় সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা নবীপুর ইউনিয়নের ছয়টি বাড়িতে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তায় ৪৫০ কেজি চালসহ ইসমাইল ও শাহ জাহানকে আটক করেন। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অচিন্ত্য চাকমা বাদী হয়ে তাদের বিরুদ্ধে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন। সংগঠনের নিয়ম বহিঃভূত কর্মকাণ্ড ও দুস্থ, অসহায় মানুষের চাল বিক্রি করে দলের সম্মানহানি করায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহি উদ্দিন টুকন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দৈনিক আমাদের সময়কে বলেন, ‘কেন্দ্রীয় কমিটির নির্দেশে জেলা আওয়ামী লীগের এক জরুরি বৈঠকে তাদের বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দলের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবে।’ উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত