318957

‌‌‘আমি ভেবেছিলাম দাম কম উঠলে আমি নিজেই বিড করে কিনে নিব’

এটাকে খুব প্রিয় ব্যাট বলা উচিত হবে না, সবচেয়ে প্রিয় ব্যাটই বলতে হবে—বলেছেন সাকিব আল হাসান। গত বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্স করা এসজি ব্যাটটা সাকিবের কতটা প্রিয় তা এই মন্তব্যেই স্পষ্ট। করোনা ভাইরাসের ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় ব্যাটটা নিলামে তুলেছিলেন সাকিব। ভিত্তি মূল্য ৫ লাখ টাকা হলেও নিলামের মাধ্যমে ২০ লাখ টাকা মূল্যে সেটি কিনে নিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। ‘অকশন ফর একশন’ ফেসবুক পেজ পরিচালনা করেছে নিলাম প্রক্রিয়া। এই অর্থ যাবে সাকিবের ফাউন্ডেশনে।

অথচ এই ব্যাটের জন্য নিলামে নিজেই অংশ নেওয়ার কথা ভেবেছিলেন সাকিব। বিড (দর হাঁকানো) করতে চেয়েছিলেন। এই ভাবনা থেকেই ব্যাটটির প্রতি সাকিবের আলাদা টান স্পষ্ট হয়ে যায়। অবশ্য এই ভাবনার কারণও খোলাসা করেছেন তিনি।

সাকিব হাত ছাড়া হওয়া প্রিয় ব্যাট নিয়ে বলেন, ‘খারাপ তো একটু লাগছেই। প্রথমে আমি ভেবেছিলাম দাম কম উঠলে আমি নিজেই বিড করে কিনে নিব। কিংবা কাউকে বলব ভাই আপনিই বিড করেন, আমি পরে আপনার কাছ থেকে কিনে নিব টাকা দিয়ে। অনেকেই বলেছে—কেন এই ব্যাটটাই নিলামে তুললাম।’

প্রিয় ব্যাট নিলামে তোলার কারণও জানিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। সাকিবের ব্যাখ্যাটা এমন, ‘আমার কাছে ব্যাটের চেয়েও একটা মানুষের জীবন বা একটা মানুষের হাসিখুশি থাকা বেশি মূল্যবান। মানুষের জীবনের চেয়েও মূল্যবান তো কিছু হতে পারে না। আমরা যদি একটা মানুষের জীবন বাঁচাতে পারি, এটা এই ব্যাটের চেয়েও বেশি দামি কিছু।’

রাজ নামের মার্কিন প্রবাসী কিনেছেন ব্যাটটি। তিনি সাকিবকে নিয়ে নিজের মুগ্ধতা জানিয়েছেন। বলেছেন, ‘এই ব্যাট এমন কিছু যা বাংলাদেশের সবাই একটু স্পর্শ করতে চাইবে। আমি এটা আমার ছেলেমেয়েকে দিব। আপনি (সাকিব) এমন একজন বাঙালি যিনি আমাদের আশা দেখিয়েছেন। আমার ছেলেমেয়ে নেই এখনো। যদি কোনো দিন হয়, তাদের বলব—দেখো এরকম একজন বাঙালি ছিল, সে বিশ্বের সেরা ছিল, তাই তুমিও হতে পারো।’

এই ব্যাট দিয়ে বিশ্বকাপের আগে ও পরে প্রায় দেড় হাজার রান করেছেন সাকিব। বিশ্বকাপে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছিলেন তিনি। আইপিএলে অনুশীলনের পর বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলেছেন এই ব্যাট দিয়ে। পরে বিশ্বকাপে রান পেয়েছেন এই ব্যাটে। বিশ্বকাপের পর ত্রিদেশীয় টি-২০ সিরিজে খেলেছেন। যেখানে নিষেধাজ্ঞার আগে শেষ ম্যাচে আফগানদের বিরুদ্ধে অপরাজিত ৭০ রান করেছিলেন। সবমিলিয়ে এই ব্যাটে এখনো অপরাজিত সাকিব।

ad

পাঠকের মতামত