বিপাকে হাসপাতাল, করোনা উপসর্গ নিয়ে পালিয়ে যাওয়া রোগী ধরেও
মফস্বল ডেস্ক।। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের প্রাতিষ্ঠানিক আইসোলেশন থেকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পালিয়ে যাওয়া এক রোগীকে (৬০) আবার ধরে এনেছে কর্তৃপক্ষ। কিন্তু হাসপাতালে এনেও স্বস্তিতে নেই কর্মকর্তারা। কখনো চিকিৎসক, কখনো নার্সের সঙ্গে ‘খারাপ আচরণ’ করছেন ওই ব্যক্তি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. ফরিদুল ইসলাম। তিনি বলেন, ‘গত রোববার তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আগামীকাল বুধবার প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আ’ক্রা’ন্ত কি না।’
ফরিদুল ইসলাম আরও বলেন, ‘হাসপাতালে পুনরায় নিয়ে তাকে আইসোলেশন বিভাগের একটি ঘরে আলাদা করে রাখা হয়েছে। কিন্তু তারপরও তিনি সেখানে থেকে চিৎকার চেচাঁমেচি করে যাচ্ছেন। চিকিৎসক-নার্সের সঙ্গে খারাপ আচরণ করছেন।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাসের উপসর্গসহ সিলেট থেকে সিরাজগঞ্জ আসা ওই ব্যক্তিকে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়। দুই দিন তিনি হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর তৃতীয় দিন চলে যেতে চান। কিন্তু করোনার উপসর্গ থাকায় চিকিৎসক ও নার্সরা তাকে হাসপাতাল থেকে যেতে দিতে চাচ্ছিলেন না।
রোববার তার করোনার পরীক্ষা করা হয়। একই দিন হাসপাতাল থেকে পালিয়ে যেতে চান ওই ব্যক্তি। বিষয়টি বুঝতে পেরে কর্তব্যরত নার্সরা ওই রোগীকে আটকে রাখেন। কিন্তু তিনি তাদের গালাগাল করতে থাকেন। চিকিৎসকরা এলেও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।
এক পর্যায়ে আজ মঙ্গলবার ভোরে সুযোগ বুঝে পালিয়ে গিয়ে সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনের বাজারে অবস্থান নেন ওই রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানের সাহায্যে রোগীকে সেখান থেকে ধরে ফের হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে ওসি বলেন, ‘আজ সন্ধ্যার আগে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠিয়েছে। তাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।’ উৎস: দৈনিক আমাদের সময়।




