করোনা আতঙ্কের মধ্যেই ঝড়ের পূর্বাভাস
নিউজ ডেস্ক।। নভেল করোনাভাইরাসের কারণে অবরুদ্ধ পুরো দেশ। এরই মধ্যে রাজধানীসহ দেশের পাঁচটি বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টায় (৩ দিন) বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের বিষয়ে পূর্বাভাসে বলা হয়, রাঙ্গামাটি ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে এবং বিস্তারলাভ করতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।




