আ.লীগ নেতার ই’য়া’বা গণনার ছবি ভাইরাল
নিউজ ডেস্ক।। চট্টগ্রামের আনোয়ারায় এক আওয়ামী লীগ নেতার ই’য়া’বা গণনা করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই আওয়ামী লীগ নেতার নাম আশীষ নাথ। তিনি উপজেলার চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। খবর: দৈনিক আমাদের সময়।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জিয়াউদ্দিন বাবলু নামে একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়। এরপর অসীম দাশ, মোহাম্মদ আইয়ুব, সেই তুমি, মহসিন আলমসহ কয়েকটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হলে ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও গঠনতন্ত্রপরিপন্থী কাজে জড়িত থাকার অ’পরা’ধে আজ মঙ্গলবার দুপুরে সাধারণ সম্পাদক পদ থেকে আশীষ নাথকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আশীষ নাথ একটি ঘরে খাটের ওপর ইয়াবার তিনটি প্যাকেট সামনে নিয়ে বসে আছেন এবং কিছু খোলা ইয়াবা বড়ি গণনা করছেন।
তবে ছবিটি স্থানীয় চেয়ারম্যানের ষড়যন্ত্র বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা আশীষ নাথ। তিনি বলেন, ‘এলাকায় রাজনৈতিক বিরোধ থাকায় স্থানীয় চেয়ারম্যানের ষড়যন্ত্রে আমার একটি ছবি এডিট করে ছড়িয়ে দেওয়া হয়েছে। ছবিটি আমার নয়।’
তবে আশীষ নাথের দাবি নাকচ করে দিয়ে চাতরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াসিন হিরু বলেন, ‘ইয়াবাসহ ছবিটি ছড়িয়ে পড়ায় তিনি (আশীষ নাথ) আবোলতাবোল বকছেন। এটি এডিট কি না লোকজন দেখেছে।’
এ বিষয়ে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী বলেন, ‘আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ নেতার ভাইরাল হওয়া ছবিটি আমরা দেখেছি। এ নিয়ে পর্যালোচনাও চলছে।’




