ওজনে চাল কম দেওয়ায় আ.লীগ নেতার কারাদণ্ড, দল থেকে বহিষ্কার
নিউজ ডেস্ক।। নড়াইলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) আওতায় হতদরিদ্র মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে বিক্রির চাল ওজনে কম দেওয়ায় আসাদুজ্জামান মোল্লা (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকার জরিমানা করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালাতের বিচারক ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার এ আদেশ দেন। এ ছাড়া আসাদুজ্জামানের ডিলারশিপও বাতিল করা হয়েছে।
আসাদুজ্জামান মোল্লা নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনার পর তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্ত্তী।
নড়াইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার জানান, ১০ টাকা মূল্যের ৩০ কেজি চাল ৩০০ টাকার বিনিময়ে দেওয়ার নিয়ম থাকলেও সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের ওএমএস ডিলার আসাদুজ্জামান সেই টাকায় ২৫ থেকে ২৬ কেজি চাল দেন। এ অভিযোগের ভিত্তিতে তিনি সেখানে হাজর হয়ে বিষয়টির প্রমাণ পান। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালাত পরিচালনা করে তাকে এ সাজা দেওয়া হয়। জরিমানার ১০ হাজার টাকার পরিশোধ না করলে তাকে আরও ২০ দিন কারাভোগ করতে হবে বলেও জানান কমলেশ মজুমদার। উৎস:দৈনিক আমাদের সময়।




