১৪ ভাগ মানুষের ঘরে খাবার নেই: ব্র্যাক
নিউজ ডেস্ক।। উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক জরিপে উঠে এসেছে চলমান করোনার প্রাদুর্ভাবের মধ্যে দেশে ৮৯ শতাংশ মানুষ দারিদ্র্যরেখার নিম্নসীমার নিচে নেমে গেছেন। আর ১৪ ভাগ মানুষের ঘরে কোনো খাবারই নেই। করোনাভাইরাস মানুষের উপার্জন ও খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলেছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক জানায়, দেশের ৬৪ জেলায় ২ হাজার ৬৭৫ জন নিম্নআয়ের মানুষের মধ্যে জরিপ পরিচালনা করা হয়েছে। গত ৩১শে মার্চ থেকে ৫ই এপ্রিলের মধ্যে এ জরিপ পরিচালিত হয়।
করোনাভাইরাসের স্বাস্থ্যগত দিকগুলো সম্পর্কে নিম্নআয়ের মানুষের উপলব্ধি এবং এর অর্থনৈতিক সংকট সম্পর্কে ধারণা পেতে জরিপটি পরিচালিত হয়।
ব্র্যাকের জরিপে বলা হয়, নিম্নআয়ের মানুষ জীবিকায় করোনাভাইরাস প্রতিরোধের পদক্ষেপের মারাত্মক প্রভাব পড়েছে। জরিপে অংশগ্রহণকারীদের ৮৯ শতাংশ দারিদ্র্যরেখার নিম্নসীমার নিচে নেমে গেছেন।
করোনাভাইরাসের পূর্বে আয়ের ভিত্তিতে জরিপে অংশগ্রহণকারীদের ২৪ শতাংশ ছিলেন দারিদ্র্যরেখার নিম্নসীমার নিচে এবং ৩৫ শতাংশ ছিলেন দারিদ্র্যরেখার ঊর্ধ্বসীমার নিচে। অর্থাৎ বর্তমান পরিস্থিতে চরম দারিদ্র্য আগের তুলনায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।




