315129

মনোয়ারা নিজের স্বর্ণালংকার বিক্রি করে কর্মহীনদের পাশে

ডেস্ক রিপোর্ট।। গ্রামের সহজ-সরল নারী মনোয়ারা বেগম। স্বামী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে সংসার। তবে স্বামী সৌদি আরবে থাকায় কিছু স্বর্ণালংকার রয়েছে তার। কিন্তু করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে সব স্বর্ণালংকার বিক্রি করে দেন তিনি। মনোয়রা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আলমনগর গ্রামের বাসিন্দা। স্বর্ণালংকার বিক্রির এক লাখ ৭০ হাজার ও জমানো কিছু টাকায় তিন শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

মঙ্গলবার সকালে মনোয়ারার এ কার্যক্রমের উদ্বোধন করেন আশুগঞ্জের ইউএনও নাজিমুল হায়দার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আতাউর রহমান কবীর ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জৌসনা চৌধুরী।

মনোয়ার বেগম বলেন, করোনা আতঙ্কে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। কয়েক দিন ধরেই এমন কিছু লোক আমার বাড়িতে ভিড় জমাচ্ছিলেন। বিষয়টি মানতে না পেরে নিজের স্বর্ণালংকার বিক্রি করে এক লাখ ৭০ হাজার টাকা পাই। এর সঙ্গে জমানো কিছু টাকা যোগ করে তিন শতাধিক কর্মহীন মানুষের প্রত্যেককে তিন কেজি চাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি রসুন, এক কেজি আলু, এক কেজি আটা ও আধা কেজি লবণ দেই।

ইউএনও নাজিমুল হায়দার বলেন, সমাজে এমন দৃষ্টান্ত সত্যিই প্রশংসনীয়। দেশের এমন সময়ে কর্মহীন মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানো প্রয়োজন। উৎস:  ডেইলি বাংলাদেশ

ad

পাঠকের মতামত