কিস্তি নিতে গিয়ে ঠাকুরগাঁওয়ে ৩ এনজিওকর্মী আটক
নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ে সরকারি আদেশ অমান্য করে কিস্তির টাকা আদায় করতে গিয়ে দুটি এনজিওর ৩ জন কর্মীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন পৌরসভার হাজীপাড়া ও গোয়ালপাড়া থেকে ঋণের কিস্তি উত্তোলনের সময় তাদের আটক করেন।
আটককৃতরা হলেন বেসরকারি সংস্থা ইএসডিও আশ্রমপাড়া শাখার এসবিএম মহিউদ্দিন, ফিল্ড অফিসার মনিকা আখতার ও এনজিও পদক্ষেপের ফিল্ড অফিসার জিতেন্দ্রনাথ রায়। পরে তাদের জেলা ম্যাজিস্ট্রেট ড. কামরুজ্জামান সেলিমের নিকটে হস্তান্তর করা হয়। তিনি আটককৃতদের তিন ঘণ্টা আটক রেখে ছেড়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, জেলা প্রশাসকের নির্দেশনা রয়েছে, এই মুহূর্তে কিস্তি আদায় করা যাবে না। সেই নির্দেশনা উপেক্ষা করে কিস্তি আদায় করতে আসায় দুটি এনজিও তিন কর্মীকে আটক করা হয়।




