একুশে পদকের অর্থ করোনা চিকিৎসায় দান করলেন সুফি মিজান
পিএইচপি পরিবারের চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমান তার একুশে পদকের প্রাপ্ত পুরো অর্থ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের করোনা সেলে দান করেছেন।
আজ মঙ্গলবার পিএইচপি পরিবারের পক্ষে খোরশেদ আলী চৌধুরী ও জহিরুল ইসলাম রনি এ অর্থ চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবিরের কাছে হস্তান্তর করেন। এ সময় রোগী কল্যাণ সমিতির সেক্রেটারি অভিজিৎ সাহা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সুফি মোহম্মদ মিজানুর রহমান বলেন, ‘বৈশ্বিক এ দুর্যোগ প্রতিরোধে দলমত নির্বিশেষে স্ব স্ব অবস্থান থেকে দেশের সব মানুষকে এগিয়ে আসা উচিত। সবার সম্মিলিত মানবিক প্রচেষ্টাই পারে প্রিয় দেশকে ও দেশের মানুষকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে।
দেশ ও জাতির যেকোনো সংকট মোকাবিলায় অতীতের মতো আগামীতেও পাশে থাকবেন বলে জানান সুফি মোহম্মদ মিজানুর রহমান। প্রসঙ্গত, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সরকার সুফি মোহম্মদ মিজানুর রহমানকে রাষ্ট্রীয় বিশেষ সম্মানজনক একুশে পদকে ভূষিত করে।






