করোনার কালো থাবায় কলকাতায় প্রথম মৃত্যু
আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে কলকাতা তথা পশ্চিমবঙ্গে প্রথম একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৫৫ বছর। এ নিয়ে গোটা ভারতে আটজনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। এছাড়া দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪২৪ জন। এরমধ্যে পশ্চিমবঙ্গে আক্রান্ত আছেন সাতজন।
সোমবার (২৩ মার্চ) বিকেল ৩টা ৪৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ১৬ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন দমদমের ওই বাসিন্দা।
ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা যায়, ওই বৃদ্ধের স্বজন এবং তারা পরিচিতদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের ‘গৃহ নজরবন্দিতে’ রাখা হয়েছে। ওই ব্যক্তির বিদেশ যাত্রার কোনো ইতিহাস না থাকলেও, তিনি কয়েক সপ্তাহ আগে বিলাসপুরে গিয়েছিলে। সেখান কোনো রকমভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে।
নবান্নে সর্বদলীয় বৈঠক চলাকালীন এই মৃত্যুর খবর পান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি পুলিশ কমিশনার অনুজ শর্মাকে নির্দেশ দেন, যে ব্যক্তি মা’রা গেছেন, তার মৃতদেহ থেকে যাতে সংক্রমণ না ছড়ায়, সে দিকে নজর দিতে হবে। ডাক্তারদের পরামর্শ মেনে গোটা প্রক্রিয়া যাতে সম্পন্ন হয়, তা সুনিশ্চিত করতে নির্দেশ দেন তিনি।
এদিকে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৪১৫। সোমবার সকাল পর্যন্ত দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ জন। আক্রান্তরা মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান ও বিহারের বাসিন্দা। দেশের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্র ও কেরালায়। দেশি-বিদেশি মিলিয়ে এই দুই রাজ্যে এরই মধ্যেই ৬৭ জন সংক্রমিত হয়েছেন। রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৭। তবে আজ এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তার মধ্যেও আশার খবর এই যে, সংক্রমিত হওয়া ২৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।




