314135

করোনাভাইরাস প্রতিরোধের সেরা উপায় জানালেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্কঃ এখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার সময়, হিন্দু-মুসলিম ধর্মের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করুন। সোশ্যাল মিডিয়ায় এ বার্তাই দিলেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার।

নিজের জনপ্রিয় ইউটিউব চ্যানেলে তিনি বলেন, বিশ্ব এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে বিশ্ববাসী গৃহবন্দি। করোনার বিরুদ্ধে সবাই লড়াই চালাচ্ছে। এসময়ে প্রত্যেকেরই সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত। তবে মানবিকতা ভুলবেন না। মানবিক হয়ে হিন্দু-মুসলিম ধর্মের বিভেদ ভুলে বিপদের সময় সাহায্যপ্রার্থীদের সহায়তা করুন। অর্থনৈতিক বা জাতপাতের ভেদাভেদ দেখবেন না।

বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তানেও করোনা হানা দিয়েছে। উপমহাদেশের আর পাঁচটা দেশের মতো প্রাণঘাতী এ ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে পাক সরকার।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, করোনা এ মুহূর্তে বিশ্বসংকট। যে কারণে আমাদের এর বিরুদ্ধে সবরকম শক্তি দিয়ে লড়াই চালাতে হবে। লকডাউন মারণঘাতী ভাইরাসটি আটকানোর অন্যতম সেরা উপায়। বাড়ি থেকে না বেরোনোই সবচেয়ে বেশি নিরাপদ।

করোনার বিরুদ্ধে এ যুদ্ধের পরিবেশে শোয়েব বলেন, ধনীরা গৃহবন্দি থাকলে অসুবিধা হওয়ার কথা নয়। তাদের অর্থ সামর্থ রয়েছে। তবে গরিবরা দিনরাত নিরলস কাজ করে অন্ন সংস্থান জোগায়। তাই তারা কর্ম না করলে খাবে কী? মূলত সেই কারণেই এ অবস্থায় অর্থনৈতিক বিভেদ ভুলে ধনীদের গরিবের পাশে এগিয়ে আসা উচিত। এখন সমাজের সবার একসঙ্গে লড়াই করার সময়।

বিশ্বকে এমন বিপদে ফেলার জন্য চীনাদের দোষ দিয়েছেন ৪৪ বছর বয়সী পাক ক্রিকেট ব্যক্তিত্ব। তিনি বলেন, চীনা মানুষদের অদ্ভূত খাদ্যাভাসের জন্যই বিশ্ব বর্তমানে সংকটে। তারা কেন বাঁদুড়, ইঁদুর, কুকুরের মাংস খায় বুঝে উঠতে পারি না। এ খাদ্যাভাস অবিলম্বে নিয়ম করে পরিবর্তন করা উচিত।

তথ্যসূত্র: এনডিটিভি/হিন্দুস্তান টাইমস

ad

পাঠকের মতামত