করোনা এড়াতে লিফট ব্যবহার করবেন যেভাবে
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গতকাল বুধবার বাংলাদেশেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১৪ জন। যেহেতু এ রোগের এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। তাই করোনাভাইরাস থেকে বাঁচতে সতর্কতাই একমাত্র সমাধান।
আমরা সারাদিনই নানা কাজে একজন আরেকজনের সংস্পর্শে এসে থাকি। তবে ভাইরাসের সংক্রমণ এড়াতে জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রেই মেনে চলতে হবে সতর্কতা। বিশেষ করে যেসব মাধ্যম থেকে করোনাভাইরাস ছড়াতে পারে, সেসব মাধ্যমে সচেতন থাকতে হবে। এ ক্ষেত্রে লিফট ব্যবহার করার ক্ষেত্রেও মানতে হবে কিছু নিয়ম।
চলুন এবার জেনে নেওয়া যাক লিফট ব্যবহারের ক্ষেত্রে কোন নিয়মগুলো মেনে চলবেন-
১. লিফটে ভিড় দেখলে চেষ্টা করুন লিফট এড়িয়ে সিঁড়ি দিয়ে হেঁটে ওঠার। মানুষের ভিড়ই যে করোনাভাইরাসের মহোৎসব, সে কথা কে না জানে!
২. লিফটের দেয়ালে পিঠ ঠেকিয়ে বা হাত দিয়ে ধরে দাঁড়ানো থেকে বিরত থাকুন। এতে শুধু করোনাভাইরাস নয়, অন্যান্য জীবাণু থেকেও দূরে থাকতে পারবেন।
৩. আপনার গন্তব্য দুই বা তিন তলায় হলে লিফট ব্যবহার না করাই উত্তম। অথবা যত তলা পর্যন্ত আপনার পক্ষে হেঁটে ওঠা সম্ভব, হেঁটেই উঠুন। অর্থাৎ লিফট যতটা এড়িয়ে চলা যায়।
৪. লিফটে পরিচিত কারও সঙ্গে দেখা হলেই হ্যান্ডশেক করতে যাবেন না। এমনকি কুশল বিনিময়েরও দরকার নেই। শুধু মুচকি হাসির বিনিময়েই সীমাবদ্ধ থাকুন। তার সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
৫. লিফটের ভেতর যতটা সম্ভব হাঁচি-কাশি দেওয়া থেকে বিরত থাকুন। একান্তই প্রয়োজন হলে রুমাল বা টিস্যুতে মুখ ঢেকে হাঁচি-কাশি দিন। ব্যবহৃত রুমালটি জীবাণুমুক্ত করে ধুয়ে ফেলুন এবং ব্যবহৃত টিস্যুটি ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলুন।
৬. লিফটে অন্যদের গায়ে গা ঘেঁষে দাঁড়াবেন না। এভাবে দাঁড়ালে করোনাভাইরাসে আক্রান্ত কেউ থাকলে খুব সহজেই জীবাণু ছড়িয়ে পড়তে পারে।




