বড় ঝুঁকি বিদেশ ফেরতরাই
আন্তর্জাতিক ডেস্ক।। এশিয়ার দেশগুলোয় করোনা ভাইরাস দ্বিতীয় পর্যায়ে আঘাত হানছে। এ পর্যায়ে বিদেশ ফেরতদের বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। তাদের মাধ্যমেই দ্বিতীয় পর্যায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে বলে গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, চীন ও সিঙ্গাপুরের নাম।
চীনে করোনা ভাইরাস সংক্রমণের পর এই প্রথম স্থানীয়ভাবে আর কেউ আক্রান্ত হয়নি। কিন্তু বিদেশ ফেরতদের কারণে দেশটিতে নতুন করে ৩৪ জন আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৭ জন। এর মধ্যে ৩৩ জনই বিদেশ থেকে যাওয়া ব্যক্তিদের দ্বারা সংক্রমিত হয়েছেন। দক্ষিণ কোরিয়ায় হঠাৎ করে গতকাল নতুন আক্রান্তের সংখ্যা ১৫২ জনে পৌঁছে; কিন্তু সেখানে কতজন বিদেশ ফেরতদের দ্বারা আক্রান্ত হয়েছেন সে হিসেব পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বেশি আক্রান্ত শহর দেয়াগোতে নতুন করে ৭৪ জনের শরীরের করোনা ভাইরাস পাওয়া গেছে। জাপান কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে সেখানে তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে এশিয়ার দেশগুলো অভ্যন্তরীণ করোনা বিস্তারে সাফল্য দেখিয়ে চলছে। কিন্তু বর্তমানে প্রাদুর্ভাবের কেন্দ্র ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পরিস্থিতি নিয়ে মূল আশঙ্কা তৈরি হলেও এশিয়ার দেশগুলোয় করোনা ভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় বোঝা যায় যে এখানেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। মালয়েশিয়ার সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা গত বুধবার মানুষকে অনুরোধ করেন যেন তারা ‘ঘরে থাকেন এবং নিজের ও নিজের পরিবারের সুরক্ষা’ নিশ্চিত করেন। মালয়েশিয়ায় ৭১০ জনের মধ্যে ভাইরাস শনাক্ত হয়েছে, যাদের অনেকেই ফেব্রুয়ারিতে রাজধানী কুয়ালালামপুরে তবলিগের একটি আন্তর্জাতিক জমায়েত থেকে সংক্রমিত হয়েছেন।






